পাইকগাছায় ব্যবসা প্রতিষ্ঠানের টাকা ও মালামাল নিয়ে দুই কর্মচারী উধাও, থানায় অভিযোগ


News Desk (S) প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৬, ১০:১৩ অপরাহ্ন / ০
পাইকগাছায় ব্যবসা প্রতিষ্ঠানের টাকা ও মালামাল নিয়ে দুই কর্মচারী উধাও, থানায় অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ভাঙ্গাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা ও মালামাল নিয়ে দুই কর্মচারী উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ সাইফ উল্লাহ নামে এক ব্যবসায়ী সোমবার পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বোয়ালিয়া মোড়ে আমিন গাজীর মিলসংলগ্ন এলাকায় সাইফ উল্লাহর ‘জেড আয়রন স্টোর’ নামে একটি ভাঙ্গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে মো. আনিছুর রহমান গাজী (৬৪) ও তার ছেলে মো. পিন্টু গাজী (৩৬) কর্মচারী হিসেবে কাজ করতেন। ব্যবসায়ী প্রতিদিন তাদের নগদ টাকা ও দুটি মোটরভ্যান দিয়ে বিভিন্ন এলাকা থেকে ভাঙ্গাড়ি মালামাল কিনে আনতে পাঠাতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গাড়ি মালামাল কেনার জন্য আনিছুর রহমানকে ২ হাজার ৮১৪ টাকা এবং পিন্টু গাজীকে ৭ হাজার ১০০ টাকা দেওয়া হয়। এরপর তারা দুটি মোটরভ্যান নিয়ে মালামাল কেনার উদ্দেশ্যে বের হন। তবে সন্ধ্যা পর্যন্ত তারা ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে না আসায় তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ব্যবসায়ী। পরে তাদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরগুলো বন্ধ পাওয়া যায়।

ব্যবসায়ী সাইফ উল্লাহর অভিযোগ, ওই দুই কর্মচারী নগদ ৯ হাজার ৯১৪ টাকা ছাড়াও দুটি মোটরভ্যান, দুটি ভ্যানের চার্জার, একটি ভ্যানের ব্যাটারি, একটি মাছের ক্যারেট, ৪০ কেজি ধারণক্ষমতার একটি আরএফএল ওয়েট মিটার এবং একটি হ্যান্ড মাইক নিয়ে আর ফিরে আসেননি। অভিযোগে এসব মালামালের মোট মূল্যও উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে টাকা ও মালামাল আত্মসাতের অভিযোগ এনে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী সাইফ উল্লাহ।

অভিযোগের বিষয়ে জানতে আনিছুর রহমান গাজী ও পিন্টু গাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযোগে উল্লেখিত মোবাইল নম্বরগুলো বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বলেন, অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।