মুসলিমা হ*ত্যার বিচারের দাবিতে মোল্লাহাটে মানববন্ধন


News Desk (S) প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ৬:৪০ অপরাহ্ন / ০
মুসলিমা হ*ত্যার বিচারের দাবিতে মোল্লাহাটে মানববন্ধন

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে সাত বছরের শিশু মুসলিমা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কচুড়িয়া খাঁ মার্কেট এলাকায় মোল্লাহাট-চিতলমারী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এক ঘণ্টার বেশি সময় ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে মুসলিমা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করত, সেই কচুড়িয়া শেখ হেমায়েত উদ্দিন নূরানী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এ ছাড়া কচুড়িয়া বাজার হাজী সাবের মোল্লা মাধ্যমিক বিদ্যালয়, কচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আড়ুয়াডিহি ও নালুয়া এলাকার বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা শিশু মুসলিমা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কচুড়িয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খাঁ মার্কেট এলাকায় এসে শেষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর রাতে কচুড়িয়া মধ্যপাড়া এলাকায় একটি পানের বরজের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় শিশু মুসলিমার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে প্রতিবেশী জাহাঙ্গীরের বসতবাড়িতে আগুন দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় মোল্লাহাট থানায় মামলা হয়েছে। পুলিশ ওই দিনই তিনজনকে আটক করেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও কারা এতে জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।