
শেখ আহসান হাবিব, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খানের বদলিজনিত কারণে কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) বেলা ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, নির্বাহী সদস্য শেখ নাজমুল ইসলাম ও সদস্য শেখ আতিকুর রহমান। এ সময় সাংবাদিক জাহাঙ্গীর আলম, ইশারাত আলী, ফজলুল হক, তাপস কুমার ঘোষ, শিমুল, আবুল কালাম বিন আকবর, হোসেন, হাবিব, সাইফুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে কালিগঞ্জে দায়িত্ব পালনকালে সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খানের বিভিন্ন কর্মকাণ্ড ও দায়িত্বশীল ভূমিকার কথা স্মরণ করেন সাংবাদিকরা। বিশেষ করে জ্বালানি তেলের সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে তাঁর কার্যকর ভূমিকা ও দায়িত্বশীলতার প্রশংসা করা হয়। বক্তারা বলেন, কর্মকালীন সময়ে মাইনুল ইসলাম খান সততা, নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর দায়িত্বশীল কর্মকাণ্ড স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। বক্তারা তাঁর নতুন কর্মস্থলে সাফল্য, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। উল্লেখ্য, মো. মাইনুল ইসলাম খান কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন শেষে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন পেয়েছেন।
আপনার মতামত লিখুন :