সাতক্ষীরায় জাকারিয়া হত্যাকাণ্ডে ১২ জনের নামে মামলা, আসামিদের সন্ধানে লাখ টাকা পুরস্কার ঘোষণা 


নিউজ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন / ০
সাতক্ষীরায় জাকারিয়া হত্যাকাণ্ডে ১২ জনের নামে মামলা, আসামিদের সন্ধানে লাখ টাকা পুরস্কার ঘোষণা 
শহর প্রতিনিধি : সাতক্ষীরা শহরের কামালনগর পশু হাসপাতালের উত্তর পাশে চায়ের দোকানে কথা-কাটাকাটির জেরে সংঘবদ্ধ সন্ত্রাসীদের দেশীয় অস্ত্র ও ছুরিকাঘাতে মো. জাকারিয়া খান (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত একজন গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
​ঘটনাটি ঘটেছে গত ২ অক্টোবর (শুক্রবার) আনুমানিক রাত ১১:২৫ ঘটিকায়। এ ঘটনায় নিহতের ভাই মো. শাহারিয়া খান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন (মামলা নং-০৫/৪৭৪)।  এজাহারভুক্ত  আসামিরা হলেন, মো: নাহিদ হাসান (২৫), মো: মোহিত হাসান রনি (২০), মো: আরিফুল (২৮), ছোট ময়না (২৭) ও বড় খোকা, মো: জুয়েল (২৪), মো: সাগর (২৩), মো: সামি (২৪), মো: নাঈম (২২), মো: রাশিদুর জামান ওরফে রাশেদ (৩০), মো: হুজাইফা (২০) এবং মো: শরিফুল ইসলাম ওরফে শরিফ (২৮)। আসামিরা সকলেই ইটাগাছা, পশ্চিমপাড়া ও মানিকতলা এলাকার বাসিন্দা। মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে কামালনগর এলাকার রবিউল ইসলামের চায়ের দোকানে চা খাওয়া ও আড্ডা দেওয়াকে কেন্দ্র করে কয়েকজন স্থানীয় দুষ্কৃতকারী অশালীন ভাষায় আচরণ শুরু করে। এ ঘটনার প্রতিবাদ করলে প্রতিবেশী বাপ্পী হাসান (১৭)-এর ওপর আসামিরা ইট ও দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয় এবং এলোপাতাড়ি মারধর শুরু করে।
​এমতাবস্থায় বাপ্পীকে রক্ষা করতে এগিয়ে গেলে মো. জাকারিয়া খানের ওপরও আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো ছুরি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় জাকারিয়ার বুকের বাম পাশে ধারালো ছুরির মারাত্মক আঘাত লাগে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে।
​পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।

​এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার কর্মকর্তারা জানান, এজাহারের ভিত্তিতে পেনাল কোডের ৩৪২/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং বিষয়টি তদন্ত করছেন এসআই (নিঃ) মো. আলমগীর হোসেন।

এদিকে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরিয়ে দিতে বা সঠিক সন্ধান দিতে পারলে পরিবারের পক্ষ থেকে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সন্ধানদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে (যোগাযোগ: ০১৮৬০৬৯০০০০)।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মূল অপরাধীসহ বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।