শ্যামনগরে মুন্ডা নারী ও যুবদের জলবায়ু সহনশীলতা ও ডিজিটাল নেতৃত্ব উন্নয়নে প্রকল্প অবহিতকরণ সভা


News Desk (S) প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৬, ১০:১৬ অপরাহ্ন / ০
শ্যামনগরে মুন্ডা নারী ও যুবদের জলবায়ু সহনশীলতা ও ডিজিটাল নেতৃত্ব উন্নয়নে প্রকল্প অবহিতকরণ সভা
জি.এম আবুল হোসাইন : অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় ব্রেকিং দ্য সাইলেন্স কর্তৃক বাস্তবায়িত “ভয়েস অব চেঞ্জ: ডিজিটাল লিডারশীপ এন্ড ক্লাইমেন্ট রেজিলেন্স ফর মুন্ডা উইমেন এন্ড ইয়ুথ” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর ২০২৬, সোমবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক।
সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রকল্প সমন্বয়কারী মো. কবীর আলম।
সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বসবাসরত মুন্ডা সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, প্রকল্পটি শ্যামনগর উপজেলার কৈখালী, রমজাননগর, শ্যামনগর সদর, ঈশ্বরীপুর, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নে বসবাসরত মুন্ডা আদিবাসী সম্প্রদায়ের নারী ও যুবদের নিয়ে বাস্তবায়ন করা হবে। প্রকল্পের মূল লক্ষ্য হলো মুন্ডা নারী ও যুবদের জলবায়ু সহনশীলতা, ডিজিটাল নেতৃত্ব, অর্থনৈতিক সক্ষমতা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করা। পাশাপাশি জলবায়ু-সহনশীল আয়বর্ধক কার্যক্রমে সম্পৃক্ততা, নারীর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং টেকসই জীবিকার সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করা।
সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুন্ডা নারী ও যুবদের সংগঠিত করা, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, আয়বর্ধক কার্যক্রমে সম্পৃক্ততা, জলবায়ু সহনশীল জীবিকা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বসবাসরত মুন্ডা সম্প্রদায়ের জন্য দীর্ঘমেয়াদি ও সমন্বিত উন্নয়ন কার্যক্রম গ্রহণ এবং সরকারি বিভিন্ন সেবায় তাদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক মুন্ডা সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সরকারি সেবাসমূহে তাদের যথাযথ অংশগ্রহণ ও সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরকে মুন্ডা সম্প্রদায়ের জন্য বিদ্যমান সরকারি সুযোগ-সুবিধা ও সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি মুন্ডা সম্প্রদায়ের উন্নয়নে কাজ করার জন্য অক্সফাম ইন বাংলাদেশ ও ব্রেকিং দ্য সাইলেন্স কে ধন্যবাদ জানান এবং প্রকল্পটির সফল বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনের সহযোগিতার আশ্বাস দেন।
সভায় শ্যামনগর উপজেলার সকল মুন্ডা সম্প্রদায়ের নারী ও যুবদের অন্তর্ভুক্ত করে দীর্ঘমেয়াদি উন্নয়ন কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও অন্যান্য অংশীজনের সমন্বিত উদ্যোগের সুপারিশ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা প্রকল্পটির উদ্যোগকে স্বাগত জানান এবং মুন্ডা সম্প্রদায়ের নারী ও যুবদের উন্নয়ন, ক্ষমতায়ন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীলতা তৈরিতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।