সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের বিজয়


News Desk (S) প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৬:৩০ অপরাহ্ন / ০
সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের বিজয়
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনে অধ্যক্ষ খলিলুর রহমান-অধ্যাপক নূর মোহাম্মদ পাড় ও প্রভাষক  আব্দুল ওহাব নেতৃত্বাধীন পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে এ পরিষদের প্রার্থীরা জয় পেয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৫৫০ জন ভোটারের মধ্যে ৫৪০ জন ভোটার বিরতিহীন ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । ভোটগ্রহণ শেষে গণনা করে রাত সাড়ে ১০ টার দিকে  চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলম ।
সভাপতি পদে অধ্যক্ষ খলিলুর রহমান ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশফাকুর রহমান পেয়েছেন ১৯৬ ভোট। সাধারণ সম্পাদক পদে অধ্যাপক নূর মোহাম্মদ ৩৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সফিউল ইসলাম পেয়েছেন ১৯৫ ভোট।সাংগঠনিক সম্পাদক পদে  জিএম  আব্দুল ওহাব ৩৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকবর হোসেন ১৮৫ভোট পেয়েছেন।  এছাড়া নির্বাচনের সহ-সভাপতি পদে এস এম শহিদুল আলম ৩৪৮ ভোট, মোঃ অলিউল ইসলাম ৩৪২ ভোট,মোহাম্মদ আবুল কালাম ৩৩৯ ভোট, মোহাম্মদ আজিয়া রহমান ৩৩৪ ভোট, শিব পদ গাইন ৩১৩ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদকসহ সব কয়টি সম্পাদকীয় পদেও বিজয়ীদের হয়েছে।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটার শিক্ষক ও প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটকেন্দ্রে প্রার্থীদের সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ শেষে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গণনা সম্পন্ন হয়।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকেরা আনন্দ প্রকাশ করেন। নতুন নেতৃত্ব শিক্ষকসমাজের অধিকার, মর্যাদা ও পেশাগত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, বাকশিসের এ নির্বাচনকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শহীদ জিয়া কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম।