কলারোয়ায় ভাইয়ের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন


News Desk (S) প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৬, ৭:২৬ অপরাহ্ন / ০
কলারোয়ায় ভাইয়ের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নে মসজিদের প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে ভাইয়ের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।
শুক্রবার (২ অক্টোবর) লাঙ্গলঝাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মসজিদের মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মোঃ আসমাতুল্ল্যাহ হাজরার বিরুদ্ধে তার ভাই মোঃ এনামুল হাজরা মসজিদের প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে একের পর এক মামলা করেছেন। তাদের দাবি, মামলার কারণে আসমাতুল্ল্যাহ হাজরা ও তার পরিবার হয়রানির শিকার হচ্ছেন এবং স্বাভাবিকভাবে বসবাস করতে সমস্যায় পড়ছেন। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয় মুসল্লিরা বলেন, মসজিদের প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ সমাধান হওয়া প্রয়োজন। মামলা-মোকদ্দমার পরিবর্তে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তারা।
অভিযোগের বিষয়ে বাদী মোঃ এনামুল ইসলাম হাজরা বলেন, “মামলা করার মতো কাজ করেছে বলেই মামলা করেছি।” তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
অভিযুক্ত মোঃ আসমাতুল্ল্যাহ হাজরা, পিতা—মৃত নুর মোহাম্মদ হাজরা, সাং-লাঙ্গলঝাড়া, কলারোয়া, সাতক্ষীরা। বাদী মোঃ এনামুল হাজরাও একই এলাকার বাসিন্দা।
স্থানীয়দের দাবি, পারিবারিক ও মসজিদকেন্দ্রিক এ বিরোধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।