কালিগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত


News Desk (S) প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৬, ৭:১১ অপরাহ্ন /
কালিগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
শেখ আহসান হাবিব, কালিগঞ্জ: কালিগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কংগ্রেসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবীকা শীলের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সবাইকে মানবিক হতে হবে। মানুষ মানুষের কল্যাণে এগিয়ে এলে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পেলে তবেই দেশের উন্নয়ন সম্ভব। উৎপাদন বাড়াতে না পারলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না”। তিনি আরও বলেন, “মহান আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। তাই মানুষের কল্যাণে সবাইকে কাজ করতে হবে। আমাদের কালিগঞ্জ একটি লবণাক্ত এলাকা। এ অঞ্চলে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণ, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং প্রকৃত কৃষকের হাতে সরকারি কৃষি সহায়তা পৌঁছে দিতে হবে। কৃষি খাতকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে”। বিশেষ অতিথির স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন বলেন, কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে ১ হাজার ৭৫৯ জন সুবিধাভোগী কৃষককে স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে। এছাড়া সবজি ও ফল উৎপাদন, লবণাক্ত জমিতে ধান চাষ এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখছে। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক মোশাররফ চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন চেয়ারম্যান গন, সাংবাদিকবৃন্দ ও সুধীজন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ মডেল মসজিদের খতিব পেশ ইমাম মাওলানা আহম্মেদ। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি খাতের উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন দিক ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন। অনুষ্ঠানে ৮টি প্রদর্শনী স্টলে নিরাপদ সবজি উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তি, কীটনাশকের নিরাপদ ব্যবহার ও বিকল্প পদ্ধতি এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, সফল কৃষি উদ্যোগ উপস্থাপন এবং কৃষি উন্নয়নে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও কৃষকদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় কালিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপিকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।