কালিগঞ্জের নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ


News Desk (S) প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন /
কালিগঞ্জের নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ
শেখ আহসান হাবিব, কালিগঞ্জ: কালিগঞ্জের  বসন্তপুর গ্রামের বাসিন্দা মো. পিয়ার আলী গাজী। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন। বেলা ২টার দিকে নদীতে যাওয়ার পর তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরিবার সূত্রে জানা যায়, দুপুরে খাবারের সময় পার হয়ে গেলেও পিয়ার আলী গাজী বাড়িতে না ফেরায় স্বজনরা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনও তাদের সঙ্গে যোগ দেন। সম্ভাব্য সব স্থানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ব্যাপক অনুসন্ধান চালানো হলেও আজ ৩১ শে জুলাই এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের ঘটনায় পরিবারে শোক ও উৎকণ্ঠার পরিবেশ বিরাজ করছে। পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, নদীতে কোনো দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন তিনি। বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে বলে জানা গেছে। নিখোঁজ পিয়ার আলী গাজীর পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে বা এ বিষয়ে তথ্য জানলে তার ছেলে আব্দুস সবুর-এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।