প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে বাল্যবিবাহের অভিযোগ
News Desk (S)
প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৬, ১০:২১ অপরাহ্ন /
০
শেখ আহসান হাবিব
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি :
কালিগঞ্জের রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়েতে খোদ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে ৩২ জন ছাত্রীর অংশ নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বাল্যবিয়ে প্রতিরোধে সরকারের কঠোর আইনি নিষেধাজ্ঞা ও প্রশাসনের জিরো টলারেন্স নীতি থাকলেও, দায়িত্বশীল শিক্ষকদের এমন প্রত্যক্ষ প্রশ্রয় ও নিষ্ক্রিয়তা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। অনুসন্ধানে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) দুপুরে রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ৩২ জন ছাত্রী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছ থেকে অনুমতি নিয়ে তাদের এক সহপাঠী শম্পা পিতা- ইয়াছিন আলী তরফদার(৪২) বাল্যবিয়ে অনুষ্ঠানে যোগ দিতে যায়। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “ছাত্রীরা বিয়ের অনুষ্ঠানে গেছে।” বিয়েটি বাল্যবিয়ে কি না এবং ছাত্রীর বয়স আইনি সীমার নিচে কি না-এমন প্রশ্ন করা হলে তিনি স্বীকার করেন যে মেয়েটি তাদের স্কুলের দশম শ্রেণিতে পড়ে। সরকারি নির্দেশনা অনুযায়ী এ ধরনের তথ্য তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা মহিলা বিষয়ক অধিদপ্তরকে জানানোর কথা থাকলেও তারা তা জানাননি। এ বিষয়ে তিনি মন্তব্য করেন, “আমরা কাউকে ইনফরমেশন করিনি।”বিষয়টি প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিকভাবে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তী, থানা পুলিশ এবং আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়েটি তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় স্থানীয় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :