কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিমূলক সভা


News Desk (S) প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন / ০
কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিমূলক সভা
শেখ আহসান হাবিব,কালিগঞ্জ:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ যথাযথ মর্যাদা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও সার্বিক পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। দুর্গাপূজায় কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। তিনি পূজা উদযাপন শেষে বিজয়া দশমীর কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানান। তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় ট্যাগ অফিসার, পুলিশ, আনসার-ভিডিপি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে এবং উপজেলায় জরুরি প্রয়োজনে সার্বক্ষণিক নিয়ন্ত্রণসেবা চালু থাকবে। সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত ঘোষ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রনজিত সরকার, নীলডুমুর ১৭ ব্যাটেলিয়ান বিজিবির খানজিয়া ক্যাম্প কোম্পানির মহাসিন হাওলাদার, আনসার-ভিডিপির উপজেলা কমান্ডার মোস্তফা এবং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেশফাকুল আলম। এ ছাড়া বক্তব্য রাখেন বিএনপি ও জামাতের নেতৃবৃন্দ।  সভায় বক্তারা পূজামণ্ডপে ডিজে গানের অপব্যবহার, মাদক ও বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। পূজায় আগত দর্শনার্থীদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। সভায় আরও জানানো হয়, কালিগঞ্জ উপজেলার ৫৫টি দুর্গাপূজামণ্ডপে উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।