চুরি হওয়া বাইক কলারোয়া বিএনপি নেতার নিকট থেকে উদ্ধার, মূল চোর রক্ষায় তালবাহানার অভিযোগ!


News Desk (S) প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৬, ১০:০৯ অপরাহ্ন / ০
চুরি হওয়া বাইক কলারোয়া বিএনপি নেতার নিকট থেকে উদ্ধার, মূল চোর রক্ষায় তালবাহানার অভিযোগ!
কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় ৮ মাস আগে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ কেড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কলারোয়া উপজেলা বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক (সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি) মোঃ আশরাফ হোসেনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। শুক্রবার সন্ধ্যায় কলারোয়ার কেড়াগাছি বাজারে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।
​প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রায় ৮ মাস আগে সাতক্ষীরা সদরের পাচরখী গ্রামের মোঃ কাছেদ আলীর ছেলে মোঃ মুস্তাফিজুর রহমানের নিজের কষ্টার্জিত অর্থে কেনা ‘লিফান কেপিআর’ (Lifan KPR) মডেলের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। ঘটনার পর থেকে বহু খোঁজাখুঁজি করেও গাড়িটির কোনো সন্ধান পাননি ভুক্তভোগী।
​আজ সন্ধ্যায় কেড়াগাছি বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ হোসেনকে ওই চুরি যাওয়া মোটরসাইকেলটি নিয়ে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। মুহূর্তের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়লে সাধারণ জনগণ তাকে মোটরসাইকেলসহ ঘিরে ফেলে ও আটক করে। খবর পেয়ে বাইকের মূল মালিক মোঃ মুস্তাফিজুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং তার ক্রয়কৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় সব বৈধ কাগজপত্র উপস্থিত জনতার সামনে উপস্থাপন করেন। কাগজপত্র যাচাই-বাছাই করে গাড়িটি মুস্তাফিজুর রহমানেরই চুরি হওয়া বাইক বলে নিশ্চিত হন স্থানীয়রা।
​গাড়িটির প্রকৃত মালিক ও বৈধ কাগজপত্র সামনে আসার পর উপস্থিত জনতা বিএনপি নেতা আশরাফ হোসেনকে চেপে ধরেন এবং ও মূল চোরের নাম প্রকাশের জন্য প্রবল চাপ সৃষ্টি করেন। এ সময় নিজেকে রক্ষায় তিনি দাবি করেন, মোটরসাইকেলটি তিনি কলারোয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মনিরের কাছ থেকে নিয়ে এসেছেন। তবে তার এই অসঙ্গতিপূর্ণ বক্তব্যে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং চোর চক্রকে আড়াল করার অভিযোগ তোলেন।
​পরিস্থিতি নিজের প্রতিকূলে দেখে এবং জনতার ক্ষোভের মুখে পড়ে আশরাফ চেয়ারম্যান নিজেই কলারোয়া থানা পুলিশকে ফোন করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত কেড়াগাছি বাজারে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
​এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে একটি চক্র বাইক চুরির সিন্ডিকেট চালিয়ে আসছে।
​কলারোয়া থানা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বিষয়টির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে চোর চক্র ও এর পেছনের মদদদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।