
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় মোবাইল কোর্টের অভিযানে অবৈধভাবে সার উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং বিধিবহির্ভূতভাবে সার সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দামোদরকাটি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযানে মেসার্স এ ডি
সুপার ক্রপের স্বত্বাধিকারী মো. সুমন হোসেনের (৩৭) সংশ্লিষ্টতায় মো. মফেজ উদ্দীনের (৬৫) বাড়িতে রাখা সারের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। মফেজ উদ্দীন দামোদরকাটি গ্রামের মৃত ইমান আলী মোড়লের ছেলে।
অভিযানে দেখা যায়, সারের বস্তায় প্রস্তুতকারকের নাম ও লেবেল, সারের নিট ওজন, উৎপাদনের তারিখ, প্রস্তুতকারকের নাম-ঠিকানা এবং খুচরা মূল্য উল্লেখ ছিল না। এ ছাড়া অবৈধ উপায়ে সার উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্থানে সার সংরক্ষণের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৩(১) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় র্যাব-সাতক্ষীরার কর্মকর্তারা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৌরভ দেবনাথ, ৯ নম্বর হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আবু মুসা, হেলাতলা ইউনিয়ন পরিষদের সদস্য তায়জেল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :