বর্তমান সাতক্ষীরায় সংবাদ প্রকাশের পরই বদলি:শ্যামনগর ছাড়লেন ডা. আনিসুর রহমান আনিস!


নিউজ ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৬, ২:৪৪ পূর্বাহ্ন /
বর্তমান সাতক্ষীরায় সংবাদ প্রকাশের পরই বদলি:শ্যামনগর ছাড়লেন ডা. আনিসুর রহমান আনিস!

বর্তমান সাতক্ষীরা ডেক্স : সাতক্ষীরার শ্যামনগরে সিলগালা করা অবৈধ ‘আনিকা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ পুনরায় চালুর ঘটনা নিয়ে সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকায় ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। আলোচিত ওই ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ আনিছুর রহমান আনিসকে বদলি করা হয়েছে নড়াইল জেলা হাসপাতালে।দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অবৈধ ক্লিনিক পরিচালনা, সরকারি নির্দেশ অমান্য এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশ্নের মুখে ছিল স্থানীয় স্বাস্থ্য প্রশাসন। তবে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে বিষয়টি জোরালোভাবে উঠে আসার পরই প্রশাসনিক পদক্ষেপ হিসেবে এই বদলির আদেশ জারি হয়, যা অনেকের কাছে তাৎপর্যপূর্ণ হলেও পর্যাপ্ত নয় বলে মনে করছেন সচেতন মহল।এর আগে স্বাস্থ্য বিভাগের অভিযানে ‘আনিকা’ ক্লিনিকটি সিলগালা করা হলেও অল্প সময়ের মধ্যেই সেটি পুনরায় চালু হয়। এই ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ ও আইনের শাসন নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। একটি সিলগালা করা প্রতিষ্ঠান কীভাবে পুনরায় চালু হয় ।এই প্রশ্নের স্পষ্ট কোনো জবাব এখনো মেলেনি।অনুসন্ধানে উঠে আসে, ক্লিনিকটির সঙ্গে জড়িতদের পক্ষ থেকে শ্যামনগর-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নাম ব্যবহার করে প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছিল। যদিও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, এই ঘটনার সঙ্গে এমপির কোনো সম্পৃক্ততা নেই। বরং তার নাম ব্যবহার করে পরিস্থিতিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছে।অভিযোগ রয়েছে, একজন সরকারি ডা: আনিসুর রহমান আনিস দীর্ঘদিন ধরে একটি অবৈধ ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন যা আইনগত দণ্ডনীয় অপরাধ। লাইসেন্স ছাড়া চিকিৎসা সেবা প্রদান, অদক্ষ জনবল দিয়ে রোগী দেখানো, এমনকি এনেস্থেসিয়া ছাড়াই অস্ত্রোপচারের মতো গুরুতর অনিয়মের তথ্যও সামনে আসে। একটি রোগীর মৃত্যুর ঘটনাও স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে, যা পরবর্তীতে আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।আইন অনুযায়ী, বেসরকারি ক্লিনিক পরিচালনার জন্য সিভিল সার্জনের লাইসেন্স বাধ্যতামূলক। সেই সঙ্গে সিলগালা করা কোনো প্রতিষ্ঠান পুনরায় চালু করা সরাসরি ফৌজদারি অপরাধের আওতায় পড়ে। এই বাস্তবতায় ‘আনিকা’ ক্লিনিকের পুনরায় চালু হওয়া শুধু নিয়ম ভঙ্গ নয়, বরং আইন প্রয়োগ ব্যবস্থার প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।এদিকে হঠাৎ বদলির এই সিদ্ধান্তকে অনেকেই “প্রশাসনিক চাপ সামাল দেওয়ার কৌশল” হিসেবে দেখছেন। প্রশ্ন উঠছে শুধু বদলি করলেই কি দায় এড়ানো যাবে, নাকি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হবে?স্থানীয়দের দাবি, কেবল বদলি নয় ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, অবৈধ ক্লিনিক সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।শ্যামনগরের এই ঘটনা এখন একটি ক্লিনিককেন্দ্রিক অনিয়মের সীমা ছাড়িয়ে প্রশাসনিক জবাবদিহিতা, আইনের প্রয়োগ এবং রাজনৈতিক স্বচ্ছতার বড় পরীক্ষায় পরিণত হয়েছে ,যেখানে প্রমাণ করতে হবে, প্রভাব নয়, শেষ কথা বলবে আইনই।