শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন করলেন আব্দুর রউফ
News Desk (S)
প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৭:০৭ অপরাহ্ন /
০
আব্দুল্লাহ আল মামুন: সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে শাঁখরা বাজার এলাকায় ভোমরা ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সংস্কার কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃআব্দুর রউফ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমান।
এ সময় বক্তব্যে আলহাজ্ব আব্দুর রউফ বলেন,“আমি জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছি, তো কী হয়েছে? আমার দল তো রাষ্ট্রীয় ক্ষমতায়,সাতক্ষীরার উন্নয়নে যে কাজই হোক না কেন, আমাদের হাত দিয়েই হবে।”
এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। “আজ সংস্কার কাজের উদ্বোধন করে যাচ্ছি। আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই বেইলি ব্রিজ ভেঙে খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব, ইনশাআল্লাহ।”
বক্তারা আরও জানান, প্রথম পর্যায়ে সংস্কারের জন্য ৬ লাখ ৫৩ হাজার টাকা বরাদ্দ হলেও তা দিয়ে সম্পূর্ণ সংস্কার সম্ভব নয়। পরবর্তীতে ৪৫ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ড্রিম ভিশন কন্সট্রাকশন।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
আপনার মতামত লিখুন :