সাতক্ষীরায় দই-মিষ্টির দুই কারখানায় জরিমানা
News Desk (S)
প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন /
০
সাতক্ষীরার সদর ও দেবহাটা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং ফ্রিজে মেয়াদোত্তীর্ণ বাসি খাবার রাখার অপরাধে দুটি মিষ্টান্ন ভাণ্ডারকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার শাঁখরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর।
অভিযান সূত্রে জানা যায়, সদর উপজেলার শাঁখরা বাজার এলাকায় অবস্থিত ‘বিশ্বাস মিষ্টান্ন ভাণ্ডার’ (স্বত্বাধিকারী দিলীপ ঘোষ)-এ বেশ কিছু গুরুতর অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটিতে ফ্রিজে বিক্রয়ের উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ বাসি মিষ্টি সংরক্ষণ, দইয়ে মেয়াদের তারিখ না দেওয়া, জিলাপিতে ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি, নোংরা পেপারে খাবার বিতরণ এবং মূল্য তালিকা না টানানোর অপরাধ প্রমাণিত হয়। এসব কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
একই এলাকার দেবহাটা অংশে অবস্থিত ‘আল্লাহর দান মিষ্টান্ন ভাণ্ডার’ (স্বত্বাধিকারী মো. আমিনুর ইসলাম)-এ দৃশ্যমান স্থানে মিষ্টির মূল্য তালিকা প্রদর্শন না করা এবং দইয়ে মেয়াদ উল্লেখ না থাকার অপরাধে আইনটির ৩৮ ধারা অনুযায়ী ১,৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় সহায়তা করেন ডিস্ট্রিক্ট স্যানিটারি ইন্সপেক্টর রথীন্দ্রনাথ সরকার এবং সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সের একটি চৌকশ দল।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর বলেন, ভোক্তা স্বার্থ সুরক্ষায় এবং ভেজালমুক্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরণের তদারকি অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :