​ক্লিনিকের চাকরির আড়ালে অনলাইন জুয়া ও মাদক কারবারি সিন্ডিকেট রকিবুলের


নিউজ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ৮:০৭ অপরাহ্ন /
​ক্লিনিকের চাকরির আড়ালে অনলাইন জুয়া ও মাদক কারবারি সিন্ডিকেট রকিবুলের

বিশেষ প্রতিনিধি : ক্লিনিকের চাকরির আড়ালে অনলাইন জুয়ার এজেন্ট ও মাদক কারবারের সাথে জড়িত যুবক রাকিব। সাতক্ষীরা শহরের একটি ক্লিনিকে অল্প বেতনের চাকরির আড়ালে গড়ে তুলেছেন অপরাধের এক সাম্রাজ্য। মোঃ রকিবুল হাসান সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনের একজন সাধারণ কর্মচারী। তবে তার আসল পরিচয়, তিনি শহরের মাদক সরবরাহ ও অবৈধ অনলাইন জুয়ার এজেন্ট পরিচালনা করেন।অনুসন্ধানে জানা যায়, ক্লিনিকের সামান্য বেতনে চাকরি করলেও আয়ের প্রধান উৎস হিসেবে রকিব বেছে নিয়েছেন অপরাধ জগতকে। সাতক্ষীরা শহরের একাধিক চিহ্নিত পয়েন্টে মাদকসেবীদের কাছে নিয়মিত নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বিক্রি করে থাকেন। কেবল মাদক কারবারেই ক্ষান্ত হননি, তিনি সাতক্ষীরাজুড়ে একটি বিশাল অনলাইন জুয়ার নেটওয়ার্কও পরিচালনা করছেন সাব-এজেন্ট হিসেবে।এসব গুরুতর অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোঃ রকিবুল হাসান কোনো অনুশোচনা প্রকাশ না করে উল্টো অসৌজন্যমূলক ও উদ্ধত আচরণ করেন। সাংবাদিকদের তিনি সাফ জানিয়ে দেন, পুলিশই যেখানে আমার কিছু করতে পারল না, সেখানে সাংবাদিকরা আর কী করবেন। তার এই বক্তব্যে স্থানীয় অপরাধ জগতে তার গভীর প্রভাব ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার চিত্র ফুটে ওঠে।অন্যদিকে, বিষয়টিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনের পরিচালক ডা. ফয়সাল আহমেদ। তিনি বলেন, উক্ত কর্মচারীর বেপরোয়া ও বেয়াদব আচরণের বিষয়ে আমি অবগত। তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। দ্রুতই তাকে এই প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অনলাইন জুয়ার এজেন্ট ও মাদক কারবারি রাকিবের বিষয়ে আমাদের জানা নেই। আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং অবশ্যই অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধী রাকিবকে দ্রুত আটক করা হবে।স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত এই চিহ্নিত অপরাধীকে আইনের আওতায় এনে সাতক্ষীরার মাদক ও অনলাইন জুয়ার নেটওয়ার্ক ভেঙে দিতে হবে।