কালিগঞ্জের তালতলা-কালিকাপুর সড়ক চলাচলের অনুপযোগী
News Desk (S)
প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ১০:১৩ অপরাহ্ন /
০
শেখ আহসান হাবিব, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের তালতলা মোড় থেকে কালিকাপুর সড়কে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সড়কের বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি জমে রয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষকসহ প্রতিদিন এ পথে চলাচলকারী শত শত মানুষকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রভাবশালী কয়েকজন ঘের ব্যবসায়ীর কারণে প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় বছরের পর বছর এ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বর্ষা এলেই সড়কটি পানিতে তলিয়ে যায় এবং কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়। ফলে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, সমস্যাটি দীর্ঘদিনের হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। ফলে প্রতি বর্ষা মৌসুমেই একই দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে।
এলাকাবাসী দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ, অবৈধভাবে বন্ধ হয়ে যাওয়া ড্রেন বা খাল পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাবে এবং সড়কটি সম্পূর্ণরূপে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।
আপনার মতামত লিখুন :