ডিভোর্সের জেরে সাবেক স্ত্রীকে কু/পি/য়ে জ-খ-ম, কিশোরীর অবস্থা আ/শ/ঙ্কাজনক


News Desk (S) প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ৯:৫২ অপরাহ্ন /
ডিভোর্সের জেরে সাবেক স্ত্রীকে কু/পি/য়ে জ-খ-ম, কিশোরীর অবস্থা আ/শ/ঙ্কাজনক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ডিভোর্স দেওয়ার জেরে তামান্না সুলতানা (১৫) নামের এক কিশোরীকে তার সাবেক স্বামী এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে। গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিকটিম তামান্না কাটিপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে। অভিযুক্ত সাবেক স্বামী শাহিন গাজী (২৫) একই এলাকার রজব আলী গাজীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আনুমানিক আট মাস আগে তামান্না ও শাহিন গাজীর মধ্যে গোপনে বিয়ে হয়। মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তামান্নার পরিবার এই বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে পারিবারিকভাবে আইনগত প্রক্রিয়ায় শাহিন গাজীকে ডিভোর্স লেটার পাঠানো হয়। এতে চরম ক্ষিপ্ত হয়ে ওঠে শাহিন এবং প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে।

গত বৃহস্পতিবার রাতে সুযোগ বুঝে শাহিন গাজী তামান্নার ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি কোপাতে থাকে। কিশোরীর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসলে শাহিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তামান্নাকে উদ্ধার করে প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন তামান্নার অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহিন গাজী পলাতক রয়েছে। তাকে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ভুক্তভুগীর পরিবার।