কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বি-স্ফো-রণে শ্রমিক আ/হ/ত
News Desk (S)
প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৬:০৮ অপরাহ্ন /
০

শেখ আহসান হাবিব, কালিগঞ্জ: কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে ২ শ্রমিক আহত হয়েছেন। রবিবার (১২ জুলাই, ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, পুরাতন থানা ভবন ভাঙার কাজের অংশ হিসেবে শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। এ সময় উপজেলার বাজার গ্রামের গফফার মোড়লের ছেলে শ্রমিক রফিকুল ইসলাম কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে সেখানে পূর্ব থেকে মাটিচাপা অবস্থায় থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় পাশে থাকা উপজেলার বাজার গ্রামে বাড়ি অপর শ্রমিক কামরুল হাসান বিস্ফোরণে আঘাতে ডান পায়ে আহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত আহত দুই শ্রমিককে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাটির নিচে কীভাবে পরিত্যক্ত ককটেলটি ছিল, সে বিষয়ে সংশ্লিষ্টরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন।
আপনার মতামত লিখুন :