
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) দুপুর ও বিকেলে পৌরসভার চারাবটতলা এবং উপজেলার দেলুটি বাজার এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। আহত দুজনকেই পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং একজনকে দিব্য ডায়াগনস্টিক সেন্টার ও রাজ হসপিটাল প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রথম দুর্ঘটনাটি ঘটে শনিবার দুপুরে পৌরসভার চারাবটতলা এলাকার গোপালপুর-বান্দিকাটি জামে মসজিদ সংলগ্ন প্রধান সড়কে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই সড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেল ও একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে দুইজন গুরুতর আহত হন।
আহতরা হলেন—পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের বাবুল দফাদারের ছেলে মোটরসাইকেল চালক মো. নাঈম ইসলাম (১৭) এবং সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কল্যাণপুর গ্রামের আবু তালেব মোল্লার ছেলে ভ্যানচালক রেজাউল মোল্লা (৫৫)।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফখরুদ্দিন আহমেদ তাদের প্রাথমিক চিকিৎসা দেন। তিনি জানান, আহত দুজনের অবস্থাই গুরুতর ছিল। নাঈম ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রেজাউল মোল্লার স্বজনরা হাসপাতালে পৌঁছালে তাকেও উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়।
এদিকে একই দিন বিকেলে উপজেলার দেলুটি বাজার এলাকায় পৃথক আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ গুরুতর আহত হন।
জানা গেছে, পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে পাইকগাছা পৌর সদরে ফেরার পথে দেলুটি বাজার এলাকায় তার মোটরসাইকেলটি সড়কে পিছলে পড়ে যায়। এতে তিনি ডান পায়ে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর সঙ্গে থাকা দুই সহকর্মী দ্রুত তাকে উদ্ধার করে পৌর সদরে দিব্য ডায়াগনস্টিক সেন্টার ও রাজ হসপিটাল নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. সঞ্জয় কুমার পরীক্ষা করে জানান, সাংবাদিক আব্দুল আজিজের ডান পায়ে গুরুতর ফ্র্যাকচার হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকেও উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়।
একই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিক আব্দুল আজিজের দুর্ঘটনার খবর পেয়ে সহকর্মী সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তারা আহত তিনজনের দ্রুত সুস্থতা কামনা করেন
আপনার মতামত লিখুন :