সাতক্ষীরা পৌর এলাকার মাংস ব্যবসা লাল্টু-পিন্টু সিন্ডিকেটের নিয়ন্ত্রণে!


নিউজ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন / ০
সাতক্ষীরা পৌর এলাকার মাংস ব্যবসা লাল্টু-পিন্টু সিন্ডিকেটের নিয়ন্ত্রণে!

* পৌরসভার সিল-ট্যাগ কসাইদের হাতে, গরু-মহিষে ১ হাজার, ছাগলে ৫’শ টাকা চাঁদা আদায়, দেখার কেউ নেই?

বর্তমান সাতক্ষীরা ডেস্ক : সাতক্ষীরা পৌর এলাকার মাংস ব্যবসা ও পশু জবাইকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাল্টু-পিন্টু সিন্ডিকেট। পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর রবিউল আলম লাল্টু ও বাজার আদায়কারী পিন্টুর বিরুদ্ধে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে বিভিন্ন বাজারে পশু জবাইয়ের অনুমতি, পৌরসভার সরকারি সিল ও ট্যাগ ব্যবস্থাপনা এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, শহরের সুলতানপুর বড় বাজারসহ পৌর এলাকার বিভিন্ন বাজারে গরু-মহিষ জবাইয়ের ক্ষেত্রে ১ হাজার টাকা এবং ছাগল-ভেড়া জবাইয়ে ৫০০ টাকা পর্যন্ত সরকারি নির্ধারিত খরচের বাইরে আদায় করা হচ্ছে। একই সঙ্গে সরকারি সিল ও ট্যাগ ব্যবসায়ীদের হাতে রেখে কার্যক্রম পরিচালনা করছে সংশ্লিষ্ট চক্রটি।সূত্র জানায়, শহর মাংস ব্যবসায়ী সমিতিকে সামনে রেখে পৌর এলাকার বিভিন্ন বাজারে পশু জবাই ও মাংস বিক্রির কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে। পশুর স্বাস্থ্য পরীক্ষা, জবাইয়ের অনুমোদন এবং মাংসের গুণগত মান যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। সরকারি সিল ও ট্যাগ কসাইদের কাছে রেখে পশু জবাই এবং মাংস বিক্রির বৈধতা দেওয়ার অভিযোগও রয়েছে।নিয়ম অনুযায়ী, বাণিজ্যিক উদ্দেশ্যে পশু জবাইয়ের আগে পশুটি রোগাক্রান্ত, সংক্রামক রোগে আক্রান্ত, গর্ভবতী কিংবা অন্য কোনো স্বাস্থ্যগত ঝুঁকিতে রয়েছে কি না, তা পরীক্ষা করার কথা সরকারি ভেটেরিনারি কর্মকর্তার। পশুর স্বাস্থ্য পরীক্ষা শেষে জবাইয়ের অনুমতি প্রদান এবং জবাই-পরবর্তী মাংস মানুষের খাদ্যোপযোগী কি না, তা যাচাই করার বিধান রয়েছে। পরীক্ষা শেষে মাংসের বিভিন্ন অংশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিল ও ট্যাগ সংযুক্ত করার নিয়ম থাকলেও সাতক্ষীরা পৌর এলাকার বাজারগুলোতে এসব বিধিবিধান যথাযথভাবে মানা হচ্ছে না।অভিযোগের বিষয়ে সাতক্ষীরা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর রবিউল আলম লাল্টু বলেন, প্রতিদিন সব বাজারে যাওয়া সম্ভব নয়। সিল ও ট্যাগ মুজিবরের কাছে দেওয়া থাকে। সে দেখে-শুনে সিল ও ট্যাগ দেয়। সরকারি সিল অন্যের কাছে রাখা বৈধ কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টি এড়িয়ে যান। অতিরিক্ত টাকা বা ঘুষ নেওয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি।পৌরসভার হাট-বাজার আদায়কারী পিন্টু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি টাকা ছাড়া বাড়তি কোনো টাকা নেওয়া হয় না।সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, স্যানিটারি ইন্সপেক্টর নিয়মিত বাজারে যান। তারপরও বিষয়টি নিয়ে তাকে আবারও বলে দেওয়া হবে। পশু হাসপাতালের সঙ্গে সমন্বয় না থাকার বিষয়ে তিনি বলেন, পশু হাসপাতালের কর্মকর্তাদেরও বাজারে আসতে হবে।তবে সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. মশিয়ার রহমান অভিযোগ করে বলেন, পৌরসভা তাদের সঙ্গে কোনো সমন্বয় করে না। তারা নিজেরাই সিল মেরে পশু জবাই ও মাংস বিক্রির বৈধতা দিচ্ছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, বাজারে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি পৌর কর্তৃপক্ষ ও মাংস ব্যবসায়ীদের পছন্দ নয়।তিনি আরও জানান, ২০১৯-২০ অর্থবছরে সাতক্ষীরায় আধুনিক কসাইখানা নির্মাণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেলেও পৌর কর্তৃপক্ষ জমি দিতে না পারায় বরাদ্দের অর্থ ফেরত চলে যায়।অভিযোগ রয়েছে, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর রবিউল আলম লাল্টু বিভিন্ন সময় নিজেকে চিকিৎসক হিসেবেও পরিচয় দেন এবং পৌর এলাকার পশু জবাই ও মাংস ব্যবসার কার্যক্রম নিয়ন্ত্রণ করেন।আইনে বলা আছে, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণে বাংলাদেশে বিদ্যমান আইন ও বিধিবিধান অনুযায়ী, বাণিজ্যিক উদ্দেশ্যে অনুমোদিত জবাইখানার বাইরে পশু জবাই করা নিষিদ্ধ। রাস্তাঘাট, হাট-বাজার কিংবা যত্রতত্র পশু জবাই করে মাংস বিক্রি আইনগত বিধিনিষেধের আওতায় পড়ে।বাণিজ্যিকভাবে জবাইখানা, মাংস বিক্রয়কেন্দ্র কিংবা মাংস প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণ ও নবায়ন করতে হয়। জবাইয়ের আগে এবং পরে ভেটেরিনারি কর্মকর্তার মাধ্যমে পশু ও মাংস পরীক্ষা করাও বাধ্যতামূলক। রোগাক্রান্ত, গর্ভবতী, অতিরিক্ত দুর্বল কিংবা অপ্রাপ্তবয়স্ক পশু জবাইয়ের ক্ষেত্রে আইনগত বিধিনিষেধ রয়েছে। পরীক্ষায় মাংস মানুষের খাদ্যোপযোগী না হলে তা জব্দ ও ধ্বংস করার ক্ষমতা সংশ্লিষ্ট কর্মকর্তাদের রয়েছে। একই সঙ্গে জবাইখানা ও মাংস বিক্রয়কেন্দ্রের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পশুর রক্ত, হাড় ও অন্যান্য বর্জ্য স্বাস্থ্যসম্মতভাবে অপসারণ, কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাংস পরিবহনে পরিচ্ছন্ন ও নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করার বিধান রয়েছে।আইনের বিধান লঙ্ঘনের ক্ষেত্রে অপরাধের ধরন ও প্রযোজ্য ধারার ভিত্তিতে কারাদণ্ড, অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। ভ্রাম্যমাণ আদালতসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন।সাতক্ষীরার সচেতন নাগরিকদের দাবি, পৌর এলাকার পশু জবাই, মাংস বিক্রি, সরকারি সিল ও ট্যাগ ব্যবস্থাপনা এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, পশু জবাই ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং পৌরসভা ও প্রাণিসম্পদ বিভাগের সমন্বয়ে স্বাস্থ্যসম্মত জবাই ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন তারা।