নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জ্যেষ্ঠতা বিধি লঙ্ঘন করে অবৈধ উপায়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে আটজন জ্যেষ্ঠ (সিনিয়র) শিক্ষক থাকা সত্ত্বেও সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেনের বিরুদ্ধে অনৈতিক লেনদেনের মাধ্যমে এই নিয়োগ দেওয়ার অভিযোগ করেন স্থানীয়রা।
অনুসন্ধানে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদটি শূন্য থাকায় জ্যেষ্ঠতার ভিত্তিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের বিধান রয়েছে। তবে নিয়ম না মেনে জুনিয়র সহকারী শিক্ষক মঞ্জুরুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে সহকারী শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন এই নিয়োগ দেন। নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুরুল দুপুর ১২ টার সময়ে বিদ্যালয়ে আসেন। বিদ্যালয় এসে ক্লাস নেন না নিয়মিত।বিধিবহির্ভূত এই নিয়োগকে কেন্দ্র করে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে তীব্র অসন্তোষ ও দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।এদিকে অবৈধ এই নিয়োগ বাতিল চেয়ে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের (ম্যানেজিং কমিটি) সভাপতি শরিফুল ইসলাম সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। তবে অভিযোগ করা হয়েছে, আবেদন জমা দেওয়ার এতদিন পার হলেও সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি।বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, জ্যেষ্ঠতার নিয়ম তোয়াক্কা না করে জুনিয়র শিক্ষককে দায়িত্ব দেওয়া সম্পূর্ণ আইনবহির্ভূত। অবিলম্বে এই অবৈধ সিদ্ধান্ত বাতিল করে বিধি অনুযায়ী বয়সে জ্যেষ্ঠ শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার দাবি জানান তারা।ম্যানেজিং কমিটির সভাপতি শরিফুল ইসলাম বলেন, নিয়মবহির্ভূতভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে জানতে পেরে আমি লিখিত আবেদন জানাই। কিন্তু সহকারী শিক্ষা কর্মকর্তা বিষয়টিকে কোনো গুরুত্বই দেননি। অনিয়ম ও অর্থের বিনিময়ে দেওয়া এই নিয়োগ অবিলম্বে বাতিল না করা হলে আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব।অভিযোগের বিষয়ে জানতে সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :