ঝাউডাঙ্গায় এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন


News Desk (S) প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৬, ৭:০৭ অপরাহ্ন /
ঝাউডাঙ্গায় এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন

মোমিনুর রহমান সবুজ: শিক্ষার্থীদের মেধা বিকাশ, অনুপ্রেরণা এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ও ভোর ফাউন্ডেশনের বাস্তবায়নে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬শে আগষ্ট) সকাল ১০টায় আল-হেরা মডেল একাডেমিক ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ও ভোর ফাউন্ডেশনের প্রতিনিধিরা অতিথি ও শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকরামুল হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আল মুস্তানছির বিল্লাহ্ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ​সোসাইটি ফর পিপলস ডেভেলপমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ আফতাবুজ্জামান, গ্লোবাল ট্যালেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ​ড. মোঃ সাইফুল আলম, পাবনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ, কেরানীগঞ্জের সাউথল্যান্ড সিটি কলেজ উপাধ্যক্ষ ​মোঃ মাহিনুজ্জামান, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর আব্দুর রহিম, ইয়াং মুসলিম জেনারেশনের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম, সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওহাব, সাবেক সভাপতি শরীফ মুস্তাফিজ বিল্লাহ, শিক্ষক অলিউর রহমান, বিল্লাল হোসেন ও সঞ্চালক মশিউর রহমান, আব্দুস সালাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকরামুল হোসাইন বলেন, “আমাদের লক্ষ্য মেধাবী কিছু অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। এই সংবর্ধনা তাদেরকে উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করবে।” প্রধান অতিথি তার বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। এজন্য উচ্চ শিক্ষার কোন বিকল্প নেই”। সংবর্ধিত শিক্ষার্থীরা বলেন, “এই সম্মাননা আমাদের পড়াশোনার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ও ভোর ফাউন্ডেশনকে ধন্যবাদ।” ​অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সকল অতিথি, আয়োজক ও প্রবাসীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।