সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য


নিউজ ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ১২:১৮ অপরাহ্ন /
সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য

নিজস্ব প্রতিনিধি : সদ্য সমাপ্ত এল.এল.বি শেষ পর্বের পরীক্ষায় অভূতপূর্ব ও অভাবনীয় সাফল্য অর্জন করেছে সাতক্ষীরা ল কলেজের শিক্ষার্থীরা। পাশের হার শতকরা ৯৮ ভাগ। তার মধ্যে দ্বিতীয় বিভাগ প্রাপ্ত হয়েছে শতকরা ৯৫ ভাগ। এবারের ফলাফলে সাতক্ষীরা ল কলেজের শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখে আইনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ ফলাফল একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ছাত্র-ছাত্রীরা তাদের এই অভাবনীয় সাফল্যের জন্য কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান ও কলেজের প্রভাষক মন্ডলীর প্রচেষ্টা এবং কলেজের কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকতাকেই সাফল্যের কারণ হিসাবে উল্লেখ করেছেন।সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান বলেন, “শিক্ষার্থীদের এই কৃতিত্বে আমরা অত্যন্ত আনন্দিত। এই অর্জন আমাদের আগামী দিনের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমরা বিশ্বাস করি, এভাবেই প্রতিটি ঘরে ঘরে আইন শিক্ষার প্রকৃত আলো ছড়িয়ে পড়বে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এই কলেজ থেকে পাশ করা আইনের গ্র্যাজুয়েটরা বিচার বিভাগ, উচ্চ আদালত ও জজ কোর্টে সফলভাবে আইনজীবী হিসেবে ক্যারিয়ার গড়ছেন।”সাতক্ষীরা ল কলেজের এ গৌরবোজ্জ্বল সাফল্যে আনন্দিত স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। তারা জানান, সাতক্ষীরা ল কলেজের গর্ভনিং বডির সভাপতি ও সদস্যবৃন্দ, কলেজের প্রিন্সিপাল, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ অসাধারণ অর্জন সম্ভব হয়েছে। সাতক্ষীরা ল কলেজের কৃতি সব শিক্ষার্থী, অভিভাবক এবং অক্লান্ত পরিশ্রমী শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শুভকামনা জানিয়ে শুভাকাঙ্খীরা আশা প্রকাশ করেন, আগামীতেও এ বিদ্যাপীঠ সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখবে। উল্লেখ্য যে, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাড়ে ৬ শতাধিক আইনজীবীর মধ্যে অর্ধেকাংশ আইনজীবী সাতক্ষীরা ল কলেজের শিক্ষার্থী ছিলেন।