
জাহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি :সাতক্ষীরার কলারোয়া উপজেলাকে মাদকমুক্ত করতে এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন। উপজেলার বিভিন্ন এলাকার মসজিদ, বাজার ও জনবহুল স্থানে নিজে উপস্থিত হয়ে মাদক সেবন ও বিক্রয়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান ও জনসচেতনতামূলক বক্তব্য রাখছেন তিনি। তাঁর এই সময়োপযোগী ও কার্যকর ভূমিকার কারণে কলারোয়াবাসীর মাঝে ব্যাপক সাড়া জেগেছে এবং সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন এই পুলিশ কর্মকর্তা।জানা গেছে, ‘আমরা মাদককে না বলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া থানার ওসি এইচ এম শাহিন উপজেলার প্রতিটি ইউনিয়নের জনবহুল এলাকা এবং বিশেষ করে জুমার নামাজে বিভিন্ন মসজিদে গিয়ে মুসল্লি ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন। তিনি মাদকের কুফল, পারিবারিক ও সামাজিক অবক্ষয় এবং এর আইনি ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করছেন। একই সাথে মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন।স্থানীয় সচেতন মহল জানান, ওসির এই সরাসরি গণসংযোগ ও সচেতনতামূলক কার্যক্রমের ফলে উপজেলার মাদক কারবারিদের তৎপরতা যেমন কমেছে, তেমনি সাধারণ মানুষের মাঝে পুলিশি সেবার প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে। কলারোয়া উপজেলায় মাদক নির্মূলে তাঁর এই নিরলস ও সাহসী ভূমিকা সত্যি প্রশংসার দাবিদার।এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন জানান, “মাদক একটি সমাজ ও পরিবারকে নিভেয়ে দেয়। যুবসমাজকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। শুধু আইনি ব্যবস্থা নয়, সামাজিক সচেতনতা তৈরি না হলে মাদক পুরোপুরি নির্মূল সম্ভব নয়। কলারোয়া উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত আমাদের এই অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”উপজেলার সাধারণ জনগণ আশা প্রকাশ করেন, কলারোয়া থানার বর্তমান ওসির এমন বলিষ্ঠ নেতৃত্ব ও মাদকবিরোধী কঠোর অবস্থানের কারণে খুব দ্রুতই কলারোয়া একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত মডেল উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করবে।
আপনার মতামত লিখুন :