কালিগঞ্জে শিশুকে বাঁচাতে ট্রলি খালে পাল্টাপাল্টি অভিযোগ
News Desk (S)
প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৬, ৮:২৬ অপরাহ্ন /
০

শেখ আহসান হাবিব, কালিগঞ্জ: কালিগঞ্জে একটি ছোট শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ৪ চাকার অবৈধ যান ট্রলি যমুনার খালে পড়ে গেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯ টার দিকে উপজেলার বাইপাস সড়কের বিশিষ্ট ব্যবসায়ী মতি হাজির মৎস্য প্রজেক্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলিটি বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় সড়কের ওপর ১টি ছোট শিশু চলে এলে তাকে বাঁচাতে গিয়ে ট্রলিটির চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে ট্রলিটি সড়ক থেকে ছিটকে পাশের যমুনার খালে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্রলিতে থাকা হেলপার আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এদিকে, খালে পড়ে যাওয়া খালি ট্রলিটি উদ্ধারে স্থানীয়দের উদ্যোগে কাজ চলছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ রাস্তার পাশে খালপাড় সংলগ্ন কর্তৃপক্ষের কোন নিরাপত্তা বলয় না থাকা ও অবৈধ ট্রলি অবাধ যাতায়াতের ফলে এ ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটছে। তবে কর্তৃপক্ষের অভিমত জনগণের রাস্তা পারাপারে সচেতন হওয়া উচিত।
আপনার মতামত লিখুন :