কলারোয়া সোনাবাড়িয়ায় ঘুষ ও অনৈতিক প্রস্তাবে বেপরোয়া নায়েব নিরঞ্জন কুমার মিস্ত্রি। ক্ষমতার উৎস কি? 


নিউজ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন / ০
কলারোয়া সোনাবাড়িয়ায় ঘুষ ও অনৈতিক প্রস্তাবে বেপরোয়া নায়েব নিরঞ্জন কুমার মিস্ত্রি। ক্ষমতার উৎস কি? 

বর্তমান সাতক্ষীরা ডেস্ক :ঘুষ বাণিজ্য, নামজারি (খারিজ) ও খাস জমি বন্দোবস্তে অনিয়ম, সেবাগ্রহীতাদের চরম হয়রানি এবং দুর্ব্যবহারের অসংখ্য অভিযোগের পর এবার এক দরিদ্র তরুণীকে অনৈতিক সম্পর্কের জালে ফেলে কুপ্রস্তাব দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভূমি নায়েব) নিরঞ্জন কুমার মিস্ত্রির বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, সীমান্তবর্তী এলাকা হওয়ায় সন্ধ্যা নামলেই সরকারি দপ্তরে বসে নিয়মিত মদ্য পান করেন এই কর্মকর্তা।সোনাবাড়িয়ার স্থানীয় চিকিৎসক ডা. রহমান গাজী জানান, নিরঞ্জন কুমার মিস্ত্রির বিরুদ্ধে এর আগেও একাধিকবার যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি বিধিবিধানের তোয়াক্কা না করেই অবাধে ঘুষ লেনদেন চালিয়ে যাচ্ছেন তিনি। ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সঙ্গে সুসম্পর্কের সুবাদে ঘুরেফিরে একই কর্মস্থলে বহাল থাকার প্রবণতা রয়েছে তাঁর। এ ছাড়া অফিসকেন্দ্রিক একটি শক্তিশালী দালাল সিন্ডিকেট সক্রিয় রয়েছে। অতীতে কয়েকজন সৎ নায়েবকে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ে দরখাস্ত করিয়ে সোনাবাড়িয়া থেকে বদলি করানো হয় এবং পরবর্তীতে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তিনি আবারও সোনাবাড়িয়া ভূমি অফিসে পদায়ন নেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি ভিপি (অর্পিত) সম্পত্তির ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিট) দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।সোনাবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা গফফার সরদার বলেন, নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং তদন্ত প্রতিবেদন তৈরিসহ যেকোনো সেবার জন্য অতিরিক্ত অর্থ দাবি করেন নায়েব নিরঞ্জন। টাকা না দিলে ফাইল আটকে রাখা হয়। জমির মামলা তদন্তের ক্ষেত্রে শতক প্রতি ২ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার নজির রয়েছে। এমনকি বর্তমানে সোনাবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনকালে উত্তর ভাদিয়ালী বাজার ও রামকৃষ্ণপুর বাজারের জমি বন্দোবস্ত দেওয়ার নামে লাখ লাখ টাকা আদায়ের চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া সোনাবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর মৌজার বিআরএস ৩১ নম্বর খতিয়ানের ৫০১/২৫ নম্বর মামলা আদালতে বিচারাধীন থাকা অবস্থায় বিপুল অর্থের বিনিময়ে ওই খতিয়ানের জমির খাজনা-দাখিলা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।দক্ষিণ ভাদিয়ালির সেবাগ্রহীতা শহিদুল মোড়ল জানান, নামজারির আবেদন করার পর দীর্ঘদিন তাঁর ফাইল আটকে রাখা হয়। পরে ওই অফিসের অফিস সহায়ক কাম পিয়ন ও কথিত দালাল মাহাবুবের মাধ্যমে ৯ হাজার টাকা দেওয়ার পর কাজ সম্পন্ন হয়। একইভাবে ফিরোজ গাজী নামের আরেক ভুক্তভোগী জানান, মাত্র ১০০ টাকা ভূমি উন্নয়ন করের বিপরীতে তাঁর কাছ থেকে ১ হাজার টাকা আদায় করা হয়েছে। স্থানীয়দের দাবি, দালাল ছাড়া সাধারণ মানুষ এই অফিসে কোনো সেবা পান না।অনুসন্ধানে জানা যায়, নিরঞ্জন কুমার মিস্ত্রির বাবা ছিলেন একজন সামান্য দিনমজুর। কিন্তু ভূমি উপ-সহকারী কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেওয়ার পর থেকে তিনি যেন আলাদিনের চেরাগ’ হাতে পান এবং রাতারাতি কোটিপতি বনে যান। বর্তমানে এলাকায় আলিশান বাড়িসহ নামে-বেনামে তাঁর বিপুল পরিমাণ জমিজমা রয়েছে। সরকারি চাকরির বেতন-ভাতা, আয়কর নথি ও সম্পদ বিবরণীর সঙ্গে তাঁর বর্তমান জীবনযাত্রার আকাশ-পাতাল গরমিল রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত নায়েব নিরঞ্জন কুমার মিস্ত্রি অসংযত ভাষায় বলেন, আমার দুর্নীতির বিষয়ে ইউএনও স্যার ও এসিল্যান্ড স্যারের সঙ্গে কথা বলেন। এ কথা বলেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।এ বিষয়ে সাতক্ষীরা জজকোর্টের আইন বিশেষজ্ঞদের মতে সরকারি দায়িত্ব পালনকালে ঘুষ দাবি বা গ্রহণ বা অবৈধ উপায়ে সম্পদ অর্জন এবং সেবাগ্রহীতাকে হয়রানি করা গুরুতর ফৌজদারি ও বিভাগীয় অপরাধ। আইনজীবীদের ভাষ্য অনুযায়ী সরকারি কর্মচারী হয়ে অবৈধ সুবিধা বা ঘুষ নেওয়া দণ্ডবিধি, ১৮৬০-এর ১৬১ থেকে ১৬৫ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন বা গোপন করার অভিযোগ প্রমাণিত হলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা অনুযায়ী অনুসন্ধান ও আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কর্মস্থল বা ক্ষমতার প্রভাব খাটিয়ে কোনো নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়া বা যৌন হয়রানি করা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ১০ ধারা (যৌন নিপীড়ন) এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারা (নারীর শালীনতাহানিকর আচরণ বা অশ্লীল প্রস্তাব) অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হতে পারে।সোনাবাড়িয়া ইউনিয়নের একটি ওয়ার্ডের নির্বাচিত সদস্য বলেন, একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির এসব অভিযোগ অত্যন্ত গুরুতর। নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে তাঁর অঢেল সম্পদের উৎস অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করেন তিনি।