সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত


News Desk (S) প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৬, ১০:৩১ অপরাহ্ন / ০
সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

“সৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মির্জা কাউসার আজিজ। এ সময় সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাফফর উদ্দীনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, “দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। সঠিক সুযোগ ও পরিবেশ পেলে তারাও দেশের উন্নয়নে অনন্য অবদান রাখতে পারে। সাদাছড়ি কেবল দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের চলাচলের সহায়ক নয়, বরং এটি তাদের আত্মনির্ভরশীলতা ও মর্যাদার প্রতীক। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে এবং তাদের অধিকার সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
 তিনি সমাজের সকল স্তরের মানুষকে দৃষ্টিপ্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার এবং তাদের এগিয়ে যাওয়ার পথ সুগম করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে এস, এম, রফিকুল ইসলাম বলেন, জেলা সমাজসেবা কার্যালয় সব সময় প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে রয়েছে। তাদের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের জন্য বিভিন্ন সেবা ও পুনর্বাসন কর্মসূচি চলমান রয়েছে এবং ভবিষ্যতে এই ধারা আরও বেগবান করা হবে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি ও সহায়ক সামগ্রী বিতরণ করেন।