কলারোয়ায় চেতনানাশক স্প্রেতে একই পরিবারের ১৬ জন হাসপাতালে


News Desk (S) প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৭:০৪ অপরাহ্ন / ০
কলারোয়ায় চেতনানাশক স্প্রেতে একই পরিবারের ১৬ জন হাসপাতালে
রেজওয়ান উল্লাহ, কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় চেতনানাশক বিষাক্ত স্প্রেতে আক্রান্ত হয়ে নারী ও শিশুসহ একই পরিবারের অন্তত ১৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদরকাটি গ্রামের আবু দাউদের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির কাজে ব্যস্ত থাকা অবস্থায় আবু দাউদ, রিপন ও পারভীন খাতুন হঠাৎ মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এরপর দিনভর ওই পরিবারের একের পর এক সদস্য অসুস্থ হতে থাকেন। নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৬ জনকে অচেতন ও অসুস্থ অবস্থায় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে রয়েছেন—পারভীন খাতুন, আবু দাউদ, সিন্থীয়া, আবু রায়হান, হাফিজুর রহমান, মেসের আলী, সকিনা খাতুন, রিপন হোসেন, আসমা খাতুন, মমতাজ বেগম, শিশু মেহনাজ, খালিদ হোসেন, সিয়াম হোসেন ও শামীমা খাতুন।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় সক্রিয় মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের সদস্যরা চেতনানাশক জাতীয় স্প্রে ব্যবহার করে বাড়ির লোকজনকে অচেতন করে চুরি-ডাকাতি করে থাকতে পারে। স্থানীয়দের দাবি, এর কয়েক দিন আগেও একই গ্রামে চেতনানাশক স্প্রে ব্যবহারের মাধ্যমে দুটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন, চেতনানাশক স্প্রে ব্যবহারের উৎস শনাক্ত এবং জড়িতদের আইনের আওতায় আনতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, চেতনানাশক বিষাক্ত স্প্রেতে আক্রান্ত হওয়ার পর ওই ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীনদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মো. ইজ্জত উল্লাহ হাসপাতালে ছুটে যান। তিনি অসুস্থ রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানা যাবে।