
বিনোদন ডেস্ক:বলিউডের ‘আইডিয়াল কাপল’ হিসেবেই চেনেন সবাই কাজল ও অজয় দেবগণকে। ২৭ বছরের দাম্পত্য, প্রেম করে বিয়ে—সব মিলিয়ে তাঁদের দাম্পত্যে কখনও বড় কোনও বিতর্ক ছিল না। তাই হঠাৎ করেই কাজলের মুখে বিয়ের ‘এক্সপায়ারি ডেট’ প্রসঙ্গ উঠে আসায় বিস্মিত অনেকেই।
সাম্প্রতিক ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর পর্বে অতিথি ছিলেন ভিকি কৌশল ও কৃতি শ্যানন। মজার ‘দিস অর দ্যাট’ সেগমেন্টে টুইঙ্কল জিজ্ঞেস করেন, বিয়ের মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং নবায়নের অপশন থাকা উচিত কি না। কৃতি, ভিকি ও টুইঙ্কল সবাইই সাফ জানিয়ে দেন, ‘না’। কিন্তু কাজল পাল্টা মত দিয়ে বলেন,‘অবশ্যই বিয়ের এক্সপায়ারি ডেট থাকা উচিত।’
টুইঙ্কল তখন রসিকতা করে মন্তব্য করেন, ‘এটি বিবাহ, ওয়াশিং মেশিন নয়।’
জবাবে কাজল বলেন,‘আমি অবশ্যই তাই মনে করি। কী গ্যারান্টি দেয় যে আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে বিয়ে করবেন? একটি পুনর্নবীকরণ বিকল্প থাকা উচিত এবং যদি মেয়াদোত্তীর্ণ তারিখ থাকে তবে কাউকে খুব বেশি সময় ধরে কষ্ট পেতে হবে না।’
একপর্যায়ে তিনি টুইঙ্কলকে ‘গ্রিন জোনে’ নিয়ে আসার চেষ্টাও করেন।
পরে আরেক প্রশ্নে আসে, টাকাপয়সা কি সুখ কিনতে পারে? টুইঙ্কল ও ভিকি ‘হ্যাঁ’ বলে গ্রিন জোনে গেলেও কাজল রাজি নন। তাঁর যুক্তি, ‘আপনার কাছে যতই টাকা থাকুক না কেন, এটি আসলে একটি বাধা হয়ে দাঁড়াতে পারে। এটি আপনাকে সুখের আসল ধারণার প্রতি অসাড় করে দেয়।’
কাজল যখন অজয়কে বিয়ে করেন, তখন তিনি ছিলেন বলিউডের শীর্ষ নায়িকা। দীর্ঘ প্রেমের পরও অজয়কে বিয়ের সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য সহজ ছিল না। কাজল বহুবার বলেছেন, অজয়কে বিয়ে করা ছিল তাঁর জীবনের কঠিন সিদ্ধান্ত। পরিবারের ছাদে চুপিসাড়ে হয়েছিল তাঁদের সাত পাক ঘোরা।
ঠিক এমন এক সম্পর্কের দুই দশক পার করে কাজলের হঠাৎ এভাবে বিয়ের এক্সপায়ারি ডেটের কথা বলায় নেটিজেনরা ভাবছেন, কেন হঠাৎ এমন বক্তব্য?
আপনার মতামত লিখুন :