দেবহাটায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ
News Desk (S)
প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ৭:৫২ অপরাহ্ন /
০
আব্দুল্লাহ আল মামুন: সাতক্ষীরার দেবহাটায় পল্লী বিদ্যুতের অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন এক সংবাদকর্মী। এ সময় তাঁকে গালিগালাজ, মারধরের চেষ্টা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি আইসক্রিম কারখানার মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী সংবাদকর্মী জাহিদ হাসান (৩৩) দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জাহিদ হাসান দৈনিক ‘রূপান্তর প্রতিদিন’ ও ‘দৈনিক সাতক্ষীরার খবর’ পত্রিকায় সাংবাদিকতা করেন। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে দেবহাটা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের একটি অভিযানের খবর পেয়ে তিনি উপজেলার দক্ষিণ সখিপুর এলাকার একটি আইসক্রিম কারখানায় যান। সেখানে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অভিযান চালাচ্ছিল।
অভিযানের তথ্য জানতে চাইলে কারখানার মালিক আজগর আলীসহ সংশ্লিষ্টরা তাঁর ওপর চড়াও হন। তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ, মারধরের চেষ্টা ও মানহানিকর কথা বলা হয়। একপর্যায়ে তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়।
পরে বিষয়টি দেবহাটা থানা পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মোবাইল ফোনটি উদ্ধার করে।
দেবহাটা পল্লী বিদ্যুৎ সাব-জোনালের এজিএম আল আমিন হোসেন জানান, অবৈধ বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করে আইসক্রিম কারখানা পরিচালনার অভিযোগ পেয়ে রবিবার সখিপুরের নিউ সততা আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় কারখানাটির চারটি বৈদ্যুতিক মিটার খুলে আনা হয়। আরো বলেন, অভিযানের ভিডিও ও ছবি ধারণ করতে গেলে কারখানা কর্তৃপক্ষ একজন সংবাদকর্মীকে লাঞ্ছিত করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী সংবাদকর্মী জাহিদ হাসান বলেন, “অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযানের খবর পেয়ে আমি কারখানায় যাই। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অভিযান ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়ে জানতে চাইলে কারখানার মালিক আজগর আলী ও এক নারী আমার ওপর চড়াও হন। তাঁরা আমাকে লাঞ্ছিত করেন এবং মোবাইল ফোন কেড়ে নেন। পরে ওসিকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোবাইল ফোনটি উদ্ধার করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”
দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :