
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার উত্তর কাটিয়া (নিরালা এলাকা) এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীদের বিরুদ্ধে বসতঘর ভাঙচুর মারধর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া এবং শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী মুন্নী খাতুন (৩৫) বাদী হয়ে সাতক্ষীরা থানায় লিখিত এজাহার দায়ের করলে পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করে।এজাহার সূত্রে জানা যায় গত ২১ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান (৪২) ও মোছাঃ মনজুয়ারা বেগম (৫০) লোহার রডসহ হাতে দেশীয় অস্ত্র নিয়ে মুন্নী খাতুনের বাড়িতে অনধিকার প্রবেশ করেন এবং ঘরবাড়ি ভাঙচুর শুরু করেন। এ সময় বাধা দিতে গেলে অভিযুক্তরা মুন্নী খাতুনকে মারধর করেন এবং পরনের কাপড়চোপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি ঘটান বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে ২নং আসামি তাঁর গলায় থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন যার বাজারমূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা।অভিযোগে আরও বলা হয় মুন্নী খাতুনকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর মা মোছাঃ গুলশান বেগম (৫০) এবং খালা রাজিয়া খাতুনকেও (৬০) বেধড়ক পেটানো হয়। ১নং আসামি মোস্তাফিজুর রহমান( ৪২) হত্যার উদ্দেশ্যে বাঁশের লাঠি দিয়ে খালার মাথায় আঘাত করতে গেলে তিনি সরে যান, তবে বাম চোখে লাগা আঘাতে তাঁর দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার মতো গুরুতর জখম হয়। পাশাপাশি লোহার রডের আঘাতে বাদীর ডান পায়ের হাঁটুর নিচের হাড় চটে গুরুতর জখম হয় এবং মা ও খালা শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম পান।এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা বসতঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং যাওয়ার সময় খুন-জখমের হুমকি দেয়। আহত মুন্নী খাতুন, তাঁর মা ও খালা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নেন। কিছুটা সুস্থ হওয়ার পর থানায় এসে তিনি এজাহার দায়ের করেন।এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
আপনার মতামত লিখুন :