
উদ্ধার ২০ হাজার টাকার জাল নোট, ২০২৩ সালেও একই অভিযোগে আটক হয়েছিলেন নুরজাহান
শাহরিয়ার কবির,পাইকগাছা: খুলনার পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার শিববাটী ব্রিজসংলগ্ন স্মরণখালী এলাকায় অভিযান চালিয়ে নুরজাহান বেগমকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আসমা খাতুন নামে আরেক নারীকে আটক করে পুলিশ। এ সময় নুরজাহানের কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১১টার দিকে স্মরণখালী এলাকায় জিয়ারুল জমাদ্দারের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে নুরজাহানকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যের মাধ্যমে তাঁর দেহ তল্লাশি করে জাল নোটগুলো উদ্ধার করা হয়।
আটক নুরজাহান বেগম পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইসমাইলের স্ত্রী। অপর আটক নারী আসমা খাতুন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মিন্টু গাজীর স্ত্রী।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নুরজাহান ও আসমা ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে কাটাখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় নুরজাহানকে আটক করা হলে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আসমাকেও আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলার গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি এলাকায় আজিবরের ভাড়া বাসায় তল্লাশি চালায় পুলিশ।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির জানান, জাল টাকা সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। নুরজাহান বেগম ২০২৩ সালেও জাল টাকাসহ আটক হয়েছিলেন। জামিনে মুক্ত হয়ে তিনি আবারও একই কাজে জড়িয়েছেন বলে জানান ওসি।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :