আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের


News Desk (S) প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬, ৯:০৮ অপরাহ্ন / ০
আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের
বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি:
“আমি এই থানায় কোনো শাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে এসেছি। অপরাধী যে-ই হোক, অপরাধের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করে সাধারণ মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।”
এমন প্রত্যয় ব্যক্ত করেছেন আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান।
রবিবার (১ নভেম্বর) বিকাল ৫টায় আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ওসি শাহিদুর রহমান বলেন, আশাশুনি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ, অনলাইন জুয়া নির্মূল এবং সব ধরনের অপরাধ দমন তাঁর অন্যতম অগ্রাধিকার। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশি সেবাকে আরও সহজ ও জনবান্ধব করা হবে। থানায় সেবা নিতে আসা কোনো মানুষ যেন হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু’—এই বিশ্বাসকে বাস্তবে রূপ দিতে চাই। অসহায় ও বিপদগ্রস্ত মানুষ যেন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই পুলিশের সহযোগিতা পান, তা নিশ্চিত করা হবে। অপরাধ দমনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব পালন করা হবে। এ ক্ষেত্রে কোনো প্রভাব বা পরিচয় অপরাধীর জন্য ঢাল হতে পারবে না।
সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের লেখনীর মাধ্যমে সমাজের অসংগতি, অপরাধ ও মানুষের দুর্ভোগের চিত্র উঠে আসে। পুলিশের কোনো কাজে ভুলত্রুটি থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরবেন। এতে ভুল সংশোধনের সুযোগ তৈরি হবে। পাশাপাশি সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট তথ্য নিশ্চিত করা যাবে।
এ সময় তিনি মাদক ও অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। তাঁর ভাষায়, পুলিশ একা সব অপরাধ নির্মূল করতে পারে না; এজন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আস্থা, পেশাগত সৌহার্দ্য এবং সহযোগিতার সম্পর্ক বজায় থাকলে এলাকার অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সঞ্জয় কুমার দাস। এ সময় আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহসান হাবীব, সাধারণ সম্পাদক আকাশ হোসেনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সামাজিক অপরাধ ও জননিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসব বিষয়ে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।