
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার ক্ষত শুকাতে না শুকাতেই এবার তালায় মাছ চুরির অপবাদ দিয়ে ক্ষিতিশ চন্দ্র মণ্ডল (৫৫) নামে এক মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অপরাধ প্রমাণের আগেই একের পর এক পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয়দের মনে চরম ক্ষোভ ও নিরাপত্তার প্রশ্ন জেগেছে।শুক্রবার ১৬ অক্টোবর ভোররাত ৩টার দিকে তালা উপজেলার জেয়ালা উত্তরখোলা বিলে ঘেরমালিক বিশ্বনাথ ঘোষের ঘেরে এ নির্যাতনের ঘটনা ঘটে। নিহত ক্ষিতিশ মণ্ডল তালা উপজেলার জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্র মণ্ডলের ছেলে।প্রাপ্ত তথ্যে জানা যায় ভোররাতে জেয়ালা উত্তরখোলা সরকারি বিলের বিশ্বনাথ ঘোষের ঘের থেকে ক্ষিতিশ মণ্ডলকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, ঘেরের কর্মচারী গফফার, ঘেরমালিক বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, হাবিবুর গাজী, ইব্রাহিম খাঁ, সমর ঘোষসহ ১৫ থেকে ২০ জন সংঘবদ্ধ হয়ে তাঁকে বেধড়ক মারধর করেন। এ সময় লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপানো হয়।সংবাদ পেয়ে নিহতের স্ত্রী সুলেখা মণ্ডল স্থানীয় প্রতিবেশীদের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে সকাল ৮টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শী পার্থ মণ্ডল ও প্রকাশ মণ্ডল জানান, ক্ষিতিশের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। তাঁর দুই পা ও হাত ভাঙা এবং মাথায় একাধিক ধারালো অস্ত্রের ক্ষত দেখা গেছে।নিহতের স্ত্রী সুলেখা মণ্ডল জানান মারধরের খবর পেয়ে বিলে গিয়ে তাঁকে উদ্ধার করি। তখনো তিনি কথা বলতে পারছিলেন এবং হামলায় জড়িত কয়েকজনের নাম আমাকে বলে গেছেন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আমরা এই নৃশংস হত্যার বিচারে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বলেন,ক্ষিতিশ মণ্ডলকে সকাল ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় আনা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলাকালেই তাঁর মৃত্যু হয়।ঘটনার বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :