* ২০ বছরের চাকরিতে বৈধ আয় ৬৫ লাখ।
* ক্ষমতার অপব্যবহার।
* জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন।
* গড়েছেন শক্তিশালী দালাল সিন্ডিকেট।
* খোলপেটুয়া নদীর চর দখলে সহযোগীতা।
* নওয়াবেঁকী বাজারে প্রতি ফুট দোকান ৪ থেকে ৫ লাখ টাকায় বিক্রির।
* শাশুড়ি ও আত্বীয় স্বজনদের নামে কিনেছেন জমি।
* অফিসে যান বেলা ১২ টায়।
* সন্ধ্যার পরে অফিসে বসে মাদক সেবন করেন।
বর্তমান সাতক্ষীরা ডেস্ক : সরকারি চাকরিতে ২০ বছরের দীর্ঘ পথপরিক্রমায় বেতন-ভাতা বাবদ বৈধ আয় বড় জোর ৬৫ লাখ টাকা। অথচ এই সময়েই তিনি বনে গেছেন শত কোটি টাকার সম্পত্তির মালিক! সাতক্ষীরার বিভিন্ন ভূমি অফিসে দায়িত্ব পালনকালে নামজারি, খাজনা দাখিলা, খাসজমি বন্দোবস্ত এবং বাজার কমিটির নামে দোকান বরাদ্দের বাণিজ্য করে রূপকথাকেও হার মানিয়েছেন একসময়ের দিনমজুর পরিবারের সন্তান ও বর্তমান কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (নায়েব) মো. আশরাফুজ্জামান।তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও শক্তিশালী দালাল সিন্ডিকেট গড়ে তোলার সুনির্দিষ্ট অভিযোগ এনে সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দিয়েছেন আশরাফ খাঁ নামের এক ব্যক্তি। একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসায় এলাকাবাসী ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।অনুসন্ধানে জানা যায়, নায়েব আশরাফুজ্জামানের বাবা শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের পাথরখোলা গ্রামের একজন সাধারণ কৃষক ছিলেন। দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা থেকে ২০০৫ সালে ভূমি অফিসে চাকরি পাওয়ার পর থেকেই তার ভাগ্যের চাকা ঘুরে যায়। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তালা, কলারোয়া (বামনখালী ও জালালাবাদ), শ্যামনগরের (আটুলিয়া) পর বর্তমানে তিনি কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত আছেন। প্রতিটি কর্মস্থলেই তিনি গড়ে তুলেছেন দুর্নীতির রাজত্ব।দুদকে দাখিল করা অভিযোগ ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আশরাফুজ্জামানের বৈধ আয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্য নেই এমন স্থাবর-অস্থাবর সম্পত্তির দীর্ঘ তালিকায় রয়েছে শহরের মুনজিতপুরে প্রায় ৩ কোটি টাকা মূল্যের আলিশান বাড়ি, কাটিয়ায় ২ কোটি টাকা মূল্যের দুটি দোকানসহ একতলা বাড়ি, সুলতানপুরে ৫ শতক জমির ওপর আমবাগান ও একতলা ভবন এবং রাজ হোটেলের পেছনের এলাকায় একটি তিনতলা বাড়ি (যার মূল্য প্রায় ১ কোটি টাকা এবং এ নিয়ে আদালতে মামলা চলমান)।
ফুলতলা এলাকায় ১৫ কাঠা জমি ও বড় বিল্ডিং নির্মাণ করে মার্কেট স্থাপন, সৈকত ট্রেড সেন্টারের সামনে হুগলাডাঙ্গার মোড়সংলগ্ন এলাকায় জমি ও বাড়ি। কলারোয়া, কালিগঞ্জের চাম্পাফুল-উজিরপুর ও আশাশুনিতে শ্বশুরবাড়ির এলাকায় মার্কেট এবং কোটি টাকা ব্যয়ে অসমাপ্ত বাড়ি নির্মাণ।কলারোয়া ও গ্রামের বাড়িতে কয়েক একর কৃষি জমি এবং নিজের ও পরিবারের বিভিন্ন সদস্যের নামে ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে লাখ লাখ টাকার অলিখিত ডিপোজিট। শাশুড়ির নামে কিনেছেন বিঘা বিঘা জমি।শুধু বাড়ি-গাড়িই নয়, বিভিন্ন ভূমি অফিসে দায়িত্ব পালনের সময় জলমহাল ও সরকারি সম্পত্তি ব্যবস্থাপনায় অনিয়মের মাধ্যমেও হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে দায়িত্ব পালনকালে খোলপেটুয়া নদীর চর দখল এবং শ্যামনাগর নওয়াবেঁকী বাজারে প্রতি ফুট দোকান ৪ থেকে ৫ লাখ টাকায় বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আটুলিয়ার সাবেক ইউপি সদস্য আবুল বাশারসহ ভুক্তভোগীরা জানান, দোকান বরাদ্দের নামে লাল শপিং ব্যাগে করে নায়েবের হাতে লাখ লাখ টাকা ঘুষ দেওয়া হলেও না তারা দোকান পেয়েছেন, না টাকা ফেরত পেয়েছেন, উল্টো জুটেছে নানা হুমকি।
এদিকে, নায়েব আশরাফুজ্জামানের অফিস শুরু হয় বেলা ১২ টায়। যেখানে মাননীয় প্রধান মন্ত্রী অফিস করেন সকাল ৯ টায়। তার এই আচরনে ক্ষুব্ধ সেবা নিতে আসা মানুষেরা।
সর্বশেষ কালিগঞ্জের চাম্পাফুল ভূমি অফিসে যোগদানের পর কলিবাড়ি ও উজিরপুর বাজারের জমি বন্দোবস্ত দেওয়ার নামে নতুন করে লাখ লাখ টাকা আদায়ের পাঁয়তারা চলছে। এমনকি ঘুষুড়ি মৌজার বি.আর.এস ৩৫ নম্বর খতিয়ানের ৪০১/২৪ নম্বর মামলা আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও বিপুল পরিমান অর্থের বিনিময়ে খাজনা-দাখিলা কেটে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একাধিক হাতবদলে ঘুষের টাকা নিজের কাছে পৌঁছাতে সুকৌশলে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন নায়েব আশরাফুজ্জামান। শ্যামনগরে থাকাকালীন তার ভাগনে সুরুজ এবং ওমেদার থেকে আউটসোর্সিংয়ে আসা মেহেদী হাসান এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। বর্তমানে চাম্পাফুল ইউনিয়নে কামরুজ্জামান ওরফে কামু এবং ঘুষুড়ির মোবারেক নামের দুই ব্যক্তিকে দিয়ে দালাল চক্র পরিচালনা করছেন তিনি। এই চক্রের মাধ্যমেই ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে। তিনি সন্ধ্যার পরে অফিসে বসে নিয়মিত মাদক সেবন করেন বলে জানিয়েছে স্থানীয়রা। স্থানীয় সংবাদকর্মীদেরও তার টাকার জোর ও প্রভাবে দমন করে রাখার অভিযোগ রয়েছে। নায়েবের এমন ফুলেফেঁপে ওঠার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নাগরিক নেতা সোবহান আলী বলেন, একজন সাধারণ কৃষকের সন্তান রাতারাতি কোটিপতি বনে গেলেন, আর ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিচ্ছু জানেন না তা হতে পারে না। আমরা এই ঘুষখোর নায়েবের দৃষ্টান্তমূলক শাস্তি ও সব সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার দাবি জানাচ্ছি।ভুক্তভোগী জি এম মামুন বলেন, তাকে দ্রুত চাকরি থেকে অপসারণ না করলে সাধারণ মানুষের রক্ত চুষে তিনি একদিন বিদেশে পালিয়ে যাবেন। আমরা অবিলম্বে দুদকের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আশরাফুজ্জামান স্বীকার করে বলেন ভূমি অফিসে দুর্নীতি হয় সবাই জানে এবং আপনারাও জানেন। আমাদের উপর মহল ম্যানেজ করতে হয়। টাকা নিলেও দিতে হয় না নিলেও দিতে হয়।দয়া করে নিউজটা না করলে খুশি হব,বলে মুঠোফোনটির সংযোগ বিচ্ছিন্ন করে দেন। প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি ও দুদকে লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। দ্রুত নিরপেক্ষ তদন্তপূর্বক এই দুর্নীতিবাজ কর্মচারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :