শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভূমি নায়েব) গগন চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, নামজারি (খারিজ) জালিয়াতি, সরকারি খাল ও খাস জমি ইজারাসহ নানা অনিয়মের পাহাড়সম অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় থেকে তিনি অনিয়ম চালিয়ে গেলেও অদৃশ্য কারণে এখনো তাঁর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন এবং প্রকাশ্যে ঘুষের হার (রেট) বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ইউনিয়নের বাসিন্দা মোস্তফা সরদার ও কামরুল ইসলামের অভিযোগ, নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ ও তদন্ত প্রতিবেদন তৈরি সব ক্ষেত্রেই অতিরিক্ত অর্থ দাবি করা হয়। টাকা না দিলে মাসের পর মাস ফাইল আটকে রাখা হয়। জমির মামলা তদন্তে শতকপ্রতি ১ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। অফিসের ঝাড়ুদার ও কথিত দালাল জিতেনের মাধ্যম ছাড়া এখানে কোনো ফাইলই নড়ে না।ভুক্তভোগী সামাদ গাজী জানান, ১০০ টাকার ভূমি উন্নয়ন করের বিপরীতে তাঁর কাছ থেকে নেওয়া হয়েছে ৫০০ টাকা।স্থানীয় অধিবাসীদের অভিযোগ, সন্ধ্যা নামলেই বুড়িগোয়ালিনী ইউনিয়ন ভূমি অফিসটি বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হয়। স্থানীয় চিকিৎসক ডা. আজিজুর রহমান অভিযোগ করেন, ওই এলাকার এক দরিদ্র তরুণীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তাঁকে অন্তঃসত্ত্বা করার মতো গুরুতর ঘটনাও ঘটিয়েছেন এই কর্মকর্তা। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়।অনুসন্ধানে জানা যায়, গগন চন্দ্র মণ্ডলের মূল বাড়ি কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের বরেয়া গ্রামে। তাঁর বাবার একসময় নদী থেকে মাছ ধরে সংসার চালাতে হতো।বসবাস করার জন্য এক কাঠা জায়গাও ছিল না তাদের,কিন্তু ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকেই তাঁর ভাগ্যের চাকা ঘুরে যায়। সাতক্ষীরা শহরের অভিজাত রাজার বাগান এলাকায় কয়েক কোটি টাকা মূল্যের দু’তলা আলিশান বাড়িসহ,ভারতের কলকাতা দমদমে ৫কাঠা জমি ক্রয় করেছেন।তাঁর জীবনযাত্রার মান এবং সরকারি বেতনের হিসাবের মধ্যে আকাশ-জমিন ফারাক রয়েছে।একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অভিযুক্ত নায়েব গগন আরও বেপরোয়া হয়ে ওঠেন। সেবাগ্রহীতা সুকুমার দাস জানান, নায়েব বাবু নিজেই প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন নিউজের কারণে আমার বিভিন্ন জায়গায় টাকা দিতে হয়েছে, তাই রেট বেড়েছে। নিউজ করে আমার কেউ কিছু করতে পারবে না, কারণ প্রশাসনকে ম্যানেজ করেই আমি চলি।নায়েব গগনের কাছে বর্তমান সাতক্ষীরা পত্রিকার সাংবাদিক টিম সরেজমিনে বক্তব্য নিতে তার অফিসে গেলে দেখে ভিন্ন চিত্র নিজ কক্ষে বসে ঘুষের টাকা গুনছেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ভূমি অফিস থেকে দৌড়িয়ে পালিয়ে যান। আইনজীবীদের মতে, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪-এর ২৭ ধারা অনুযায়ী জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। অবিলম্বে তাঁর সম্পদ বিবরণী তলব করে দুদক ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া জরুরি।স্থানীয় নাগরিক নেতা ইব্রাহিম আলী বলেন, এসব অভিযোগ অত্যন্ত গুরুতর। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে সত্যতা যাচাই করে তাঁকে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া উচিত।
আপনার মতামত লিখুন :