সাতক্ষীরায় সাইবার বুলিং ও সহিং-সতা প্রতিরোধে অংশীজনদের সমন্বয় সভা
News Desk (S)
প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৬, ৯:৫০ অপরাহ্ন /
০
জি. এম .আবুল হোসাইন: অনলাইনে সাইবার বুলিং, শোষণ ও নির্যাতনসহ শিশু ও যুবদের প্রতি মানসিক, যৌন ও শারীরিক সহিংসতা প্রতিরোধে সাতক্ষীরায় অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরার এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। “স্পিক আপ’’প্রকল্পের আওতায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস. এম. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পলাশপোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান।
সভায় স্বাগত বক্তব্যে সভার উদ্দেশ্য ও প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন, ব্রেকিং দ্য সাইলেন্সের স্পিক আপ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. আব্দুল মান্নান। তিনি পুরো অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি শিশু যৌন নির্যাতন ও অনলাইন সহিংসতা প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন। অফলাইন যৌন নির্যাতন প্রতিরোধ, কেস ব্যবস্থাপনা ও রেফারেল প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন কমিউনিটি অর্গানাইজার মো. মনির হোসেন ও আফরোজা সুলতানা।
বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের কারণে শিশু ও যুবরা সাইবার বুলিং, অনলাইন শোষণ ও বিভিন্ন ধরনের নির্যাতনের ঝুঁকিতে রয়েছে। ভয় ও লোকলজ্জার কারণে অনেক ঘটনা আড়ালে থেকে যায়। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলোর (CSO) সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নির্যাতনের শিকার শিশু ও যুবদের আইনি, মানসিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করার ওপরও তারা গুরুত্বারোপ করেন ।
সভায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা শিশু ও যুবদের সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর সমন্বয় জোরদারে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। বিশেষ অতিথি মোঃ মমিনুর রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।
সভায় চিকিৎসক, শিক্ষক, অভিভাবক, ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সিএসও প্রতিনিধি, সাংবাদিক ও যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :