মোল্লাহাটে পুকুরে ডু*বে দুই বছরের শিশুর মৃ*ত্যু


News Desk (S) প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৭:০৭ অপরাহ্ন / ০
মোল্লাহাটে পুকুরে ডু*বে দুই বছরের শিশুর মৃ*ত্যু

 

রায়হান শেখ, মোল্লাহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে শ্রদ্ধা রাহা নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের আন্দিক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রদ্ধা রাহা ওই গ্রামের সমেষ রাহার মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত থাকায় শ্রদ্ধা বাড়ির উঠানে একা খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায় সে।

পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। দ্রুত উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসেন জানান, গাংনী ইউনিয়নের আন্দিক গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী শ্রদ্ধা রাহার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় মোল্লাহাট থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।