আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ
News Desk (S)
প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৯:২৫ অপরাহ্ন /
০
“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার ৭নং আলিপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা ৭নং আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে আলিপুর ইউনিয়নের মাহমুদপুর হাটখোলা বাজারে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ। প্রাথমিকভাবে আলিপুর ইউনিয়নের ১, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের সূচনা করা হয়।
আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রউফ বলেন, “আমি আলিপুর ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে সবসময় নিবেদিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আমি আলিপুরে এই ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে এসেছি। ভোটের রাজনৈতিক হিসাব-নিকাশের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের সেবায় কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুর রউফের জ্যেষ্ঠ পৌত্র ও আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সামির শোয়েব রাদমির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক বাবলু, সাংগঠনিক সম্পাদক আবু হাসান, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার হাফিজুল ইসলাম, আলিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান পল্টু, সাধারণ সম্পাদক মোঃ আজগার আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসানুল্লাহ, তাঁতী দলের আহ্বায়ক শাহীন এবং ছাত্রদল নেতা তানভীর রহমান শুভ। এছাড়া স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন, জিএম আফাজ উদ্দিন, এবাদুল্লাহ ও মোঃ আজিজুর রহমানসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
সমাবেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির বিস্তারিত তুলে ধরে ভলান্টিয়ার নাজমুন্নাহার জানান, এই কর্মসূচিটি মূলত পরিবারের নারীদের ক্ষমতায়ন ও সরাসরি সহযোগিতার জন্য ডিজাইন করা হয়েছে। কার্ডের প্রাথমিক নিবন্ধনের জন্য আবেদনকারীদের যেসব কাগজপত্র ও তথ্য জমা দিতে হবে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর ফটোকপি ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আবেদনকারীর সচল মোবাইল নম্বর এবং নিজ নামে নিবন্ধিত ‘বিকাশ’ বা ‘নগদ’ অ্যাকাউন্ট, স্বামীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সন্তানদের প্রয়োজনীয় তথ্য ও পরিবার প্রধানের বিবরণ
তিনি আরও জানান, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ বাড়ি বাড়ি গিয়ে বা নির্ধারিত কেন্দ্রে তথ্য সংগ্রহ করবেন। সঠিক সুবিধাভোগী নির্বাচনে সকলকে নির্ভুল ও সঠিক তথ্য প্রদান করে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আলিপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :