কালিগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ছু-রি/কাঘাত হাসপাতালে ভর্তি
News Desk (S)
প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৬, ১০:২৩ অপরাহ্ন /
০

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে দোকানের পাওনা টাকা চাইতে গিয়ে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত যুবক মোঃ হাসান আলী গাজী (২৪) বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অহেদ আলী গাজী (৫৯) কালীগঞ্জ থানায় শেখ আরিফুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানাধীন ভাড়াশিমলা চৌরাস্তার মোড়ে অহেদ আলী গাজীর ‘হাসান হোসেন টি স্টোর’ নামে একটি দোকান রয়েছে। সেখানে চা, তরিতরকারি ও ফলমূল বিক্রি করা হয়। এজাহারে দাবি করা হয়েছে, আসামি ওই দোকান থেকে বিভিন্ন সময়ে নগদ ও বাকিতে মালামাল কিনতেন। এতে তার কাছে দোকানের টাকা পাওনা হয়। গত ২৬ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে হাসান আলী গাজী দোকানের মালামাল কেনার জন্য নগদ ১৯ হাজার ৮৯০ টাকা নিয়ে বের হন। এ সময় ভাড়াশিমলা চৌরাস্তার মোড়ে শেখ আরিফুল ইসলামকে দেখতে পেয়ে দোকানের পাওনা টাকা পরিশোধের জন্য তাগাদা দেন। এজাহারে আরও অভিযোগ করা হয়, পাওনা টাকা চাওয়ায় আরিফুল ক্ষিপ্ত হয়ে হাসানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে এলোপাতাড়ি মারধর করেন। পরে হাসান মাটিতে পড়ে গেলে আসামি ছুরি দিয়ে তার পিঠের বিভিন্ন স্থানে একাধিকবার আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তার কাছে থাকা দোকানের মালামাল কেনার ১৯ হাজার ৮৯০ টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আহত হাসানকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অহেদ আলী গাজী কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন। এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শেখ আরিফুল ইসলামের বক্তব্য জানা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :