দেবহাটায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন
News Desk (S)
প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৬, ১০:০০ অপরাহ্ন /
০
আব্দুল্লাহ আল মামুনঃ দেবহাটা উপজেলার রত্নেশ্বরপুর গ্রামে এক মৎস্য চাষীর পুকুরে শত্রুতা করে বিষ প্রয়োগের মাধ্যমে বিপুল পরিমাণ মাছ নিধনের ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী অরবিন্দু বিশ্বাস জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাতেও তিনি তার চাষকৃত পুকুরটি পাহারা শেষে বাড়ি যান। রোববার সকালে খবর পান তার পুকুরে মাছ মারা যাচ্ছে। এ খবর পেয়ে পুকুরে এসে দেখতে পান বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ মরে পানিতে ভেসে উঠেছে। দুর্বৃত্তরা গভীর রাতে কোনো এক সময় পুকুরে বিষাক্ত কেমিক্যাল বা কীটনাশক প্রয়োগ করে মাছগুলো হত্যা করে।
এ ঘটনায় রুই, কাতলা, মৃগেলসহ দেশীয় প্রজাতির বিপুল পরিমাণ মাছ মরে গেছে। যার বাজারমূল্য লক্ষাধিক টাকার বেশি বলে দাবি করেন অরবিন্দু বিশ্বাস। এক রাতের ব্যবধানে আয়ের একমাত্র অবলম্বন হারিয়ে মাথায় হাত পড়েছে এই অসহায় মৎস্য চাষীর। সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
স্থানীয়রা জানান, কঠোর পরিশ্রম করে অরবিন্দু বিশ্বাস এই পুকুরে মৎস্য চাষ করে আসছিলেন। এমন নৃশংস ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরাধী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসী।
এ বিষয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ জানান, বিষয়টি খতিয়ে দেখে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :