সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনে বকুলকে রাখার দাবি এলাকাবাসীর


News Desk (s) প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন /
সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনে বকুলকে রাখার দাবি এলাকাবাসীর

খলিলুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরা তালা, কলারোয়া ও আশপাশের এলাকায় অ্যাডভোকেট শাহনারা পারভীন বকুলকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে রাখার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা তাঁর পক্ষে মতামত জানাচ্ছেন এবং বিষয়টি দলীয় উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

অ্যাডভোকেট শাহনারা পারভীন বকুল বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর একজন আইনজীবী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে বিশেষ স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৬ সাল থেকে আইন পেশায় যুক্ত রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি আইনি সহায়তা, নারী অধিকার রক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে এলাকায় একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।
সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর ইসলাম হাবিব কারাবন্দি থাকাকালে তাঁর সহধর্মিণী হিসেবে শাহনারা পারভীন বকুল তালা-কলারোয়া ও সাতক্ষীরার বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন বলে স্থানীয়দের ভাষ্য। অনেকেই মনে করেন, ওই সময় তিনি নেতৃত্বের সক্ষমতা, সাংগঠনিক দক্ষতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে উল্লেখ করা হচ্ছে—সাতক্ষীরার চারটি সাধারণ আসনেই পুরুষ সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকেন। তাই নারী নেতৃত্বের ভারসাম্য আনতে এবং নারীর কণ্ঠস্বরকে জাতীয় সংসদে শক্তভাবে উপস্থাপন করতে সংরক্ষিত নারী আসনে একজন গ্রহণযোগ্য ও অভিজ্ঞ নারী প্রতিনিধির প্রয়োজন রয়েছে। এ প্রেক্ষাপটে অনেকেই শাহনারা পারভীন বকুলকে উপযুক্ত প্রার্থী হিসেবে দেখছেন।
পোস্ট ও মন্তব্যগুলোতে আরও বলা হচ্ছে, রাষ্ট্রক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করলে এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণ করলে, তাঁর কাছে সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে এ দাবি জানানো হবে। উন্নয়ন, আইনি সচেতনতা ও নারীর ক্ষমতায়নে তাঁর অভিজ্ঞতা এই জনপদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মত প্রকাশ করছেন অনেকে।
স্থানীয় সচেতন মহলের মতে, সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্ধারণ সম্পূর্ণভাবে দলীয় সিদ্ধান্তের বিষয় হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে যে জনমত তৈরি হয়েছে, তা রাজনৈতিকভাবে গুরুত্ব পাওয়ার দাবি রাখে। বিশেষ করে নারীদের সক্রিয় সমর্থন এই আলোচনাকে আরও জোরালো করেছে।
সব মিলিয়ে, তালা-কলারোয়া ও সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে এখন এক সুস্পষ্ট দাবি উচ্চারিত হচ্ছে এই জনপদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শাহনারা পারভীন বকুলকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে রাখা হোক।