ভোটের আগে নাশকতার ছক ভেস্তে দিল যৌথ বাহিনী: সাতক্ষীরায় ককটেল, গুলি ও মাদকসহ যুবক গ্রেপ্তার


নিউজ ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৬, ১১:৫২ অপরাহ্ন /
ভোটের আগে নাশকতার ছক ভেস্তে দিল যৌথ বাহিনী: সাতক্ষীরায় ককটেল, গুলি ও মাদকসহ যুবক গ্রেপ্তার

বর্তমান সাতক্ষীরা  ডেস্ক :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা আগে সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচটি তাজা ককটেল, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার ভোরে সদর উপজেলার আলিপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার হওয়া যুবক মো. আবু মুসা (৩২) সদর উপজেলার রসুলপুর গ্রামের মো. রেজাউলের ছেলে।
যৌথ বাহিনী সূত্র জানায়, নির্বাচন ঘিরে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় আগে থেকেই গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে ভোরে আলিপুর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে আবু মুসাকে আটক করা হয়। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে পাঁচ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পাশের একটি নির্জন বাঁশঝাড়ে অভিযান চালিয়ে পাঁচটি তাজা ককটেল, ৯৩টি ইয়াবা বড়ি ও প্রায় ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া ককটেল ও গুলি নির্বাচনকে ঘিরে কোনো নাশকতামূলক পরিকল্পনার অংশ ছিল কি না, তা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোটের আগে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও গোলাবারুদ মজুত রাখা হয়েছিল।
এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ভোটের আগের দিন এমন উদ্ধার অভিযানে এলাকায় কিছুটা উদ্বেগ তৈরি হলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার রয়েছে। যেকোনো ধরনের নাশকতা কঠোরভাবে দমন করা হবে এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।