নায়েবকে ম্যানেজ করে তালায় অনুমতি ছাড়াই রাস্তার পাশের ২৫টি মেহগনি গাছ কাটার অভিযোগ


News Desk (S) প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন / ০
নায়েবকে ম্যানেজ করে তালায় অনুমতি ছাড়াই রাস্তার পাশের ২৫টি মেহগনি গাছ কাটার অভিযোগ
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের প্রায় ২৫টি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মান্নান শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, গত এক সপ্তাহ ধরে গাছগুলো কাটা হচ্ছে। বৃহস্পতিবার সকালেও সেখানে গাছ কাটার কাজ চলতে দেখা যায়। স্থানীয়রা জানান, প্রতিটি গাছের আনুমানিক মূল্য ২৫ থেকে ৪০ হাজার টাকা। তাদের অভিযোগ, স্থানীয় নায়েবকে ম্যানেজ করে গাছগুলো কাটা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, এর আগেও এসব গাছ কাটার একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তখন তা সম্ভব হয়নি। এবার নায়েবকে ম্যানেজ করে গাছ কাটা হচ্ছে বলে তারা দাবি করেন। তবে অভিযোগ অস্বীকার করে মান্নান শেখ বলেন, গাছগুলো আমার জমির ওপর রয়েছে। তাই আমি গাছ কাটছি। এ বিষয়ে খেশরা ইউনিয়নের ভূমি কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, জমিটি মাপ দেওয়া হয়েছে। তবে গাছ কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু বলেন, রাস্তার পাশে গাছ থাকায় গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। কীভাবে আবার গাছ কাটা হচ্ছে, তা আমার জানা নেই। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, রাস্তার পাশের গাছ কাটার বিষয়টি তদন্ত করে দেখা হবে।