কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার!
নিউজ ডেস্ক
প্রকাশের সময় : জুন ১৯, ২০২৬, ৯:২৫ অপরাহ্ন /
০
কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় একটি ডোবা থেকে মেহেদী হাসান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (১৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের পেছনে একটি মোবাইল ফোন টাওয়ার সংলগ্ন ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত মেহেদী হাসান উপজেলার পার্শ্ববর্তী কয়লা গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। তিনি পেশায় মধু ব্যবসায়ী ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন এক সন্তানের জনক। তার চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি মেহেদী। পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করেছিলেন, তিনি হয়তো পার্শ্ববর্তী আলাইপুর গ্রামে অবস্থিত শ্বশুরবাড়িতে গেছেন। কিন্তু রাতভর তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে।
শুক্রবার সকালে জালালাবাদ গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী জোহরা খাতুনের বোন সালেহা খাতুন ময়লা ফেলতে গিয়ে ডোবার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের মা মনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিল। রাতে বাড়ি ফিরে না আসায় আমরা ভেবেছিলাম হয়তো শ্বশুরবাড়িতে আছে। সকালে লোকজন এসে খবর দেয়, কে বা কারা আমার ছেলেকে হত্যা করে জালালাবাদ এলাকায় ফেলে রেখে গেছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি সন্দেহজনক মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
এদিকে ঘটনার খবর পেয়ে সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটন ও সম্ভাব্য জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :