দুর্নীতির বিরুদ্ধে কলম ধরলেই কেন বাধা?


নিউজ ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন /
দুর্নীতির বিরুদ্ধে কলম ধরলেই কেন বাধা?

সম্পাদকীয়

সাংবাদিকতার মূল লক্ষ্য সত্য তুলে ধরা এবং জনগণের স্বার্থ রক্ষা করা। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো যখনই কোনো সাংবাদিক দুর্নীতি, অনিয়ম বা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে এগিয়ে যান, তখনই শুরু হয় নানা ধরনের বাধা, অপপ্রচার ও ভয়ভীতি।
সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় দেখা যায়, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের চেষ্টা করলেই কিছু স্বার্থান্বেষী মহল সক্রিয় হয়ে ওঠে। এদের মধ্যে কখনো কখনো তথাকথিত কিছু সাংবাদিকও যুক্ত হয়ে পড়েন, যারা প্রকৃত সাংবাদিকতার চর্চা না করে ব্যক্তিস্বার্থ রক্ষার কাজে লিপ্ত থাকেন। ফলে প্রকৃত অনুসন্ধানী সাংবাদিকতা বাধাগ্রস্ত হয় এবং দুর্নীতিবাজদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি হয়।
বিশেষ করে প্রশাসনিক অনিয়ম, অবৈধ সম্পদ, কিংবা সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ নিয়ে কাজ করতে গেলেই বিভিন্নভাবে চাপ প্রয়োগের চেষ্টা করা হয়। কখনো সামাজিকভাবে হেয় করা, কখনো মিথ্যা অভিযোগ বা অপবাদ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে অনুসন্ধানী সাংবাদিকদের নিরুৎসাহিত করার চেষ্টা করা হয়। এমনকি অনেক সময় মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে সাংবাদিকদের হয়রানির চেষ্টাও দেখা যায়।
এই প্রবণতা শুধু সাংবাদিকতার জন্যই নয়, গণতন্ত্রের জন্যও অত্যন্ত ক্ষতিকর। কারণ স্বাধীন ও সাহসী সাংবাদিকতা ছাড়া দুর্নীতি উন্মোচন করা সম্ভব নয়। যে সমাজে সত্য প্রকাশের পথ রুদ্ধ করা হয়, সেখানে দুর্নীতি আরও শক্তিশালী হয়ে ওঠে।
সাংবাদিকতা কোনো ব্যক্তিগত স্বার্থ রক্ষার হাতিয়ার নয়; এটি একটি সামাজিক দায়বদ্ধতা। তাই সাংবাদিক পরিচয় ব্যবহার করে যারা সত্য গোপন করতে চান বা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেন, তারা প্রকৃতপক্ষে সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ন করেন।
সময়ের দাবি হলো সাংবাদিক সমাজের ভেতর থেকেই অপসাংবাদিকতা ও অসাধু চর্চার বিরুদ্ধে অবস্থান নেওয়া। একইসঙ্গে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সত্য অনুসন্ধানী সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা।
কারণ একটি সত্য স্পষ্ট সত্যকে চাপা দেওয়া যায়, কিন্তু চিরদিনের জন্য দমিয়ে রাখা যায় না। আর দুর্নীতির বিরুদ্ধে কলমই শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী অস্ত্র।