পাইকগাছায় সড়কে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ, হেলে পড়েছে গাইড ওয়াল


News Desk (S) প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৬, ৭:১৫ অপরাহ্ন / ০
পাইকগাছায় সড়কে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ, হেলে পড়েছে গাইড ওয়াল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা পৌরসভায় ৬৭ লাখ ১০ হাজার ৬৮৮ টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রথম শ্রেণির ইটের পরিবর্তে দুই ও তিন নম্বর মানের ইট ভেঙে তৈরি খোয়া ব্যবহারের অভিযোগের পাশাপাশি প্রাক্কলনে নির্ধারিত পরিমাণের তুলনায় কম খোয়া ও বালি ব্যবহারের প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। কোথাও ১০ ফুটের পরিবর্তে সাড়ে ৯ ফুটেরও কম প্রস্থে সড়ক নির্মাণের অভিযোগ রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, নির্মাণকাজ শেষ হওয়ার আগেই হেলে পড়েছে গাইড ওয়াল। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কাজ শেষ না হওয়ায় প্রকল্পের গুণগত মান ও তদারকি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পের (সিটিসিআরপি) আওতায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর বাইতুল জামে মসজিদ থেকে আমিনুর রহমানের বাড়ি হয়ে টিপু মোড়লের বাড়ি পর্যন্ত প্রায় ৮০০ মিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। কার্যাদেশ অনুযায়ী, ২০২৫ সালের ৩০ এপ্রিল কাজ শুরু এবং ২০২৬ সালের ২৯ অক্টোবরের মধ্যে শেষ করার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নির্মাণকাজ এখনো অসমাপ্ত রয়েছে।

নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ

সরেজমিনে প্রকল্প এলাকায় গিয়ে সড়ক নির্মাণে ব্যবহৃত ইটের খোয়া দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, এসব খোয়া মানসম্মত প্রথম শ্রেণির ইটের নয়; বরং দুই ও তিন নম্বর মানের ‘আমা ইট’ ভেঙে তৈরি করা হয়েছে। কিছু খোয়া হাতে চাপ দিলে ভেঙে যাওয়ার বিষয়টিও নজরে আসে। তাঁদের দাবি, প্রাক্কলনে নির্ধারিত পরিমাণের তুলনায় কম খোয়া ব্যবহার করা হচ্ছে। এতে সড়কের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

রাস্তার প্রস্থ ও বালির ব্যবহার নিয়ে প্রশ্ন

স্থানীয়দের অভিযোগ, সড়কের নির্ধারিত প্রস্থ ১০ ফুট হলেও বিভিন্ন স্থানে তা সাড়ে ৯ ফুটেরও কম। পাশাপাশি প্রাক্কলন অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণ বালি ব্যবহার করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। অনুমোদিত নকশা ও প্রাক্কলনের সঙ্গে বাস্তব কাজের পরিমাপ যাচাইয়ের দাবি জানিয়েছেন তাঁরা।

নির্মাণ শেষের আগেই হেলে পড়েছে গাইড ওয়াল

সড়কের গাইড ওয়াল নির্মাণকাজ শেষ হওয়ার আগেই একদিকে হেলে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দেয়ালের পেছনে প্রয়োজনীয় মাটি ভরাট ও যথাযথভাবে সংহত করা হয়নি। ফলে দেয়ালটির স্থায়িত্ব নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

এলাকাবাসীর ক্ষোভ

স্থানীয় বাসিন্দা ফিরোজা বেগম জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ, শিক্ষার্থী ও শিশু চলাচল করে। নিম্নমানের খোয়া ব্যবহার এবং নির্মাণ শেষ হওয়ার আগেই গাইড ওয়াল হেলে পড়ায় তাঁরা উদ্বিগ্ন। বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে একাধিকবার জানানো হলেও গুরুত্ব দেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দা আমিনুর রহমান জানান, সরকারি অর্থে উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করা জরুরি। রাস্তার প্রস্থ, বালি ও খোয়ার পরিমাণ এবং গাইড ওয়ালের নির্মাণপদ্ধতি নিয়ে তাঁদের প্রশ্ন রয়েছে। প্রকৌশল বিভাগের মাধ্যমে পুরো কাজ পরীক্ষা করে অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া উচিত।

প্রকৌশল বিভাগের বক্তব্য

নির্মাণকাজের মান ও গাইড ওয়াল হেলে পড়ার বিষয়ে জানতে চাইলে পৌরসভার অতিরিক্ত দায়িত্বে থাকা পৌর প্রকৌশলী মোহাম্মদ নুর আহমদ বিষয়টি পৌরসভাকে জানিয়ে সংশ্লিষ্টদের দিয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করানোর কথা জানান। অন্যদিকে, দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী লিংকন এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য পৌর প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করতে বলেন। তবে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ, বালি ও খোয়ার পরিমাণ এবং রাস্তার প্রস্থ সম্পর্কে সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

এদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান নিশিত বসু এন্টারপ্রাইজের প্রতিনিধি আমিনুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

৬৭ লাখ ১০ হাজার ৬৮৮ টাকার এ প্রকল্পে নির্মাণসামগ্রীর মান, সড়কের প্রকৃত প্রস্থ ও পুরুত্ব এবং গাইড ওয়ালের স্থায়িত্ব নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। স্থানীয়দের দাবি, অনুমোদিত নকশা ও প্রাক্কলনের সঙ্গে বাস্তব কাজের তুলনা করে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা করতে হবে। তাঁদের প্রশ্ন, প্রাক্কলন অনুযায়ী কাজ না হলে এর দায়ভার নেবে কে?