মোল্লাহাটে ৭৯ পূজামণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, বড় গাওলায় ১০১ প্রতিমার আয়োজন
News Desk (S)
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৬:৫০ অপরাহ্ন /
০
রায়হান শেখ, মোল্লাহাট: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এ বছর উপজেলার ৭৯টি মন্দির ও পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে অধিকাংশ মন্দিরে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি মণ্ডপ সাজানো, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতিও এগিয়ে চলছে।
উপজেলার গাওলা ইউনিয়নের বড় গাওলা তেঁতুলতলা সার্বজনীন দুর্গামন্দিরে এবার ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। এই মণ্ডপে প্রথমবারের মতো ১০১টি প্রতিমা তৈরি করা হয়েছে। পূজা উদযাপন কমিটির সভাপতি সন্দীপ রায় ও সাধারণ সম্পাদক কৃটি গাইন জানান, মোল্লাহাটে একই মন্দিরে একসঙ্গে এতগুলো প্রতিমা তৈরির ঘটনা এবারই প্রথম। তাদের দাবি, বাগেরহাট জেলার মধ্যেও এটি অন্যতম বড় আয়োজন।
পূজা উদযাপন কমিটির সভাপতি বরেন্দ্রনাথ দে ও সাধারণ সম্পাদক কল্লোল বিশ্বাস পলু বলেন, পূজার প্রস্তুতি এগিয়ে চলছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে তারা সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার পাশাপাশি দল-মতনির্বিশেষে স্থানীয়দের সহযোগিতা প্রত্যাশা করেন তারা।
পূজা উপলক্ষে মন্দির ও আশপাশের এলাকায় নিরাপত্তা, বিদ্যুৎ, যোগাযোগব্যবস্থা ও পরিচ্ছন্নতার বিষয়েও প্রস্তুতি নেওয়া হচ্ছে। দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচল এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে। মহালয়া ১০ অক্টোবর। মহাপঞ্চমী ১৬ অক্টোবর, মহাষষ্ঠী ১৭ অক্টোবর, মহাসপ্তমী ১৮ অক্টোবর, মহাষ্টমী ও সন্ধিপূজা ১৯ অক্টোবর, মহানবমী ২০ অক্টোবর এবং বিজয়া দশমী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের প্রধান দুর্গোৎসবের সমাপ্তি হবে।
আপনার মতামত লিখুন :